উচ্ছেদের তিন ঘণ্টা পর আবারও দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদের তিন ঘণ্টা না পেরোতেই সেগুলো আবারও বসিয়েছে দোকানিরা। গতকাল বুধবার পুলিশ এই উচ্ছেদ অভিযান চালায়। তবে সেখানে ফুটপাত ঘেঁষে গড়ে ওঠা স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় উচ্ছেদ করা হয়নি।
শাহবাগ থানার পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব দিকের রাস্তার দুধারে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ শুরু করে। এ সময় পুলিশের সদস্যরা দোকানের বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা বেড়া, ত্রিপল ও পলিথিন খুলে ফেলেন। বেলা দেড়টা পর্যন্ত পুলিশ শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করে। অভিযানে বাধা দিতে গেলে হকার সোহেল, আকবর ও আবদুল জলিলকে আটক করে পুলিশ। উচ্ছেদ হওয়া ভাসমান দোকানপাটের মধ্যে রয়েছে পান, সিগারেট, ফলের দোকান, রেস্তোরাঁ ইত্যাদি।
অবশ্য বিকেল সাড়ে চারটার দিকে দেখা যায়, উচ্ছেদ হওয়া অধিকাংশ দোকান আবারও ফুটপাতে বসানো হয়েছে। ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, ফুটপাতে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় পথচারীদের রাস্তা দিয়ে চলতে হয়। এতে যানজটের সৃষ্টি হচ্ছে। তা ছাড়া এসব দোকানে অপরাধীরা আড্ডা বসিয়ে আশপাশে ছিনতাই করছে। তিনি বলেন, ফুটপাত দখল করে গড়ে ওঠা আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ও উচ্ছেদ করা হবে।
উচ্ছেদ অভিযানের পর আবার সেখানে দোকান বসানোর বিষয়ে ওসি বলেন, এমন দোকান বসানো হলে তা আবারও উচ্ছেদ করা হবে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।