উচ্ছেদের দুই মাস পর ফের সড়কে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর উপজেলার ভেলানগর জেলখানা মোড় এলাকায় মহাসড়কে গত ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। অভিযানের দুই মাসের মধ্যেই আবার সড়কের ওপর অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে বাজার বসিয়েছেন স্থানীয় লোকজন। ছবিটি গত রোববার বিকেল সাড়ে পাঁচটায় তোলা l প্রথম আলো
নরসিংদী সদর উপজেলার ভেলানগর জেলখানা মোড় এলাকায় মহাসড়কে গত ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে উচ্ছেদ অভিযান চালায় উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। অভিযানের দুই মাসের মধ্যেই আবার সড়কের ওপর অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে বাজার বসিয়েছেন স্থানীয় লোকজন। ছবিটি গত রোববার বিকেল সাড়ে পাঁচটায় তোলা l প্রথম আলো

অবৈধ স্থাপনা উচ্ছেদের দুই মাসের মধ্যে নরসিংদী সদর উপজেলার ভেলানগর জেলখানা মোড় এলাকায় সড়ক বেদখল হয়ে গেছে। সড়কটির দুই পাশে দোকান নির্মাণ ও বাজার বসিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। এতে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় যানজট তীব্রতর হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নরসিংদী কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে যানজট এড়াতে এবং ধীরগতির যান চলাচলে চার বছর আগে ভেলানগর জেলখানা মোড় বাসস্ট্যান্ড থেকে জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত পার্শ্বসড়ক নির্মাণ করা হয়। কিছুদিন পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সড়কটির দুই পাশে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করেন। পরবর্তী সময়ে সেখানে অস্থায়ী বাজার গড়ে ওঠে। আশপাশের বিভিন্ন এলাকার চাষিরা এ বাজারে সবজি বিক্রি করতেন। এর ফলে ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় যানজট তীব্রতর হয়। এ পরিপ্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে উপজেলা প্রশাসন ও সওজ যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। পরে অবৈধ দখলদাররা আবারও সেখানে স্থাপনা নির্মাণ করেন। মৌখিক সতর্কতা ও মাইকিং করে অবৈধ স্থাপনা সরানোর তাগিদ দেওয়া হয়। সর্বশেষ গত ২০ এপ্রিল পুনরায় অভিযান চালিয়ে দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে দুই মাস পার না হতেই আবারও সড়কের দুই পাশে দোকানপাট গড়ে উঠছে।
ভেলানগর জেলখানা মোড় থেকে জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত পার্শ্বসড়কের দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। গত রোববার সরেজমিনে দেখা যায়, জেলখানা মোড়ের গ্র্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ভৈরব বাসস্ট্যান্ড যাত্রীছাউনি পর্যন্ত ২০০ মিটার সড়কের পূর্ব পাশে বাঁশের খুঁটির তৈরি ২০-২৫টি ছাপরা দোকান রয়েছে। আর সড়কের পশ্চিম পাশে অস্থায়ীভাবে সবজি বিক্রি করছেন ১৫-২০ জন। এ ছাড়া দোকানগুলোর ফাঁকে বসে টুকরি রেখে সবজি বিক্রি করছেন কয়েকজন কৃষক। অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে গেছে। যানবাহন চলাচল নেই বললেই চলে।
কথা হয় চিনিশপুর এলাকার সবজিচাষি আতাউর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘বাড়ির পাশে অল্প সবজিখেত করছি। রমজানে একটু দাম পাওয়া যায়। তাই নিজেই নিয়া আসছি। এইখানে কেনাবেচা করতে আমাদের কোনো টাকাপয়সা দেওয়া লাগে না।’
তবে নাম প্রকাশ না করার শর্তে ছাপরা দোকানের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, দোকানের ভাড়া লাগে না, তবে স্থানীয় মোকাররম মোল্লার লোকজন প্রতিদিন বাতির বিল (বিদ্যুৎ বিল) বাবদ ২০ টাকা আদায় করে।
খোঁজ নিয়ে জানা যায়, অবৈধভাবে গড়ে ওঠা এ বাজার কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মোকাররম মোল্লা। তিনি বলেন, বাজার থেকে প্রতিদিন হাজার-বারো শ টাকা পাওয়া যায়। এলাকার ছেলেরা টাকা আদায় করে। জেলখানা মোড় মসজিদ পরিচালনায় ওই টাকা ব্যয় করা হয়। তবে মসজিদ কমিটির সভাপতি ফজলে হাবিব জানান, এ রকম টাকা পাওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
এ ব্যাপারে সওজের নরসিংদী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, পরপর দুবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে সড়ক থেকে দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। কিন্তু আবারও তারা সড়কটি দখল করে নিচ্ছে। শিগগিরই সেখানে উচ্ছেদ অভিযান চালানো হবে।