উচ্ছেদের পর ফের দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরপরই শুরু হয়েছে পুনর্দখলের কাজ। গতকাল সোমবার রেলওয়ে পুলিশ, ঢাকা মহানগর পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান চালায়।
সকাল ১০টায় শুরু হওয়া অভিযানে তেজগাঁও থেকে নাখালপাড়া পর্যন্ত দুই কিলোমিটার রেললাইনের দুই পাশের অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হয়। তারা দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে চলে যায়। এর ১০ মিনিট পরই পুনর্দখলে নামেন দোকানিরা। তাঁরা বসাতে থাকেন দোকানের বাঁশ, টিন, চৌকি।
নাখালপাড়া রেললাইনের পাশে মালামাল ওঠানোর সময় শুঁটকি বিক্রেতা ওলিউল্লাহ মিয়া বলেন, ‘বসার সুযোগ পেলে তো বসবই। এখানে বসা ছাড়া আমাগো আর উপায় কী?’ ওলিউল্লাহ অভিযোগ করেন, এবার পুলিশের সঙ্গে পাশের বস্তির লোকজন অভিযানে অংশ নিয়েছেন। রেললাইনের দোকানপাট ভেঙে ফেলা হলেও বস্তি উচ্ছেদ করা হচ্ছে না।
অভিযানে বেশির ভাগ দোকানি তাঁদের মালামাল নষ্ট করার অভিযোগ করেন। তাঁরা জানান, জায়গা থেকে সরে যেতে রেলওয়ে কর্তৃপক্ষ বা পুলিশ কিছু জানায়নি।
নাখালপাড়া রেললাইনের পাশে দরজি দোকানের মালিক নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার দোকানে ১৫ হাজার টাকা দামের দুটি সেলাই মেশিন ভাইঙ্গা ফেলছে। কাস্টমারের অর্ডারের কাপড় নষ্ট করা হয়েছে। এখন কী নিয়া পেট চালামু!’
কমলাপুর রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ‘রেলের জায়গা দখল হলে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। এ ধরনের অভিযান চলতেই থাকবে। আগামীকাল (আজ মঙ্গলবার) অভিযান চলবে।’