
উত্তরা ৩ নম্বর সেক্টরে ৩ ও ৫ নম্বর সেক্টরকে সংযুক্তকারী সেতুর পাশে লেকের পাড় থেকে গত বছরের শেষ দিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এখন আবার সেখানে অবৈধ দোকানপাট বসানো হয়েছে।
অভিযোগ উঠেছে, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম ও সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকীর সহায়তায় সেখানে বাজার বসেছে।
স্থানীয় লোকজন জানান, গত বছর অবৈধ দোকানপাট উচ্ছেদের পর খালি জায়গায় উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পক্ষ থেকে গাছ লাগানো হয়। জায়গাটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়। সেখানে সাইনবোর্ডও লাগানো হয়েছিল। তবে এখন তার কিছুই নেই।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, রাস্তার দুই পাশে গোটা ত্রিশেক দোকান। বাঁশের কাঠামোর ওপর ত্রিপলের ছাউনি দিয়ে দোকানগুলো গড়ে তোলা হয়েছে। দোকানের মধ্যে ফলমূলের দোকান বেশি। আছে চা-সিগারেট-পানের দোকান, খাবারের হোটেল, ফ্লেক্সিলোড ও সবজির দোকান। সেতুর ঠিক ওপরে উত্তর অংশে আছে মুরগির দোকান।
স্থানীয় লোকজন জানান, সন্ধ্যায় সেখানে ভ্যানগাড়িতে চটপটি ও ফুচকা বিক্রি করা হয়। বিক্রি হয় ঝালমুড়িও।

দোকান কে বসিয়েছেন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের দুজন নেতা তাঁদের বসতে দিয়েছেন।
একাধিক ব্যবসায়ী আবার বলেন, শুরুতে তাঁদের জামানত বাবদ ৩০-৫০ হাজার টাকা করে দিতে হয়েছে। তা ছাড়া, দিনে বিভিন্নজনকে দোকানপ্রতি ৬০০ টাকা দিতে হয়। মো. খলিল ও তাঁর সহযোগী মিন্টু দোকানিদের কাছ থেকে টাকা সংগ্রহ করে থাকেন।
লেকপাড়ের ওই জায়গায় মো. খলিলের খাবারের দোকান আছে। তিনি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করার অভিযোগ অস্বীকার করেন। নেতাদের কোনো টাকা দিতে হয় না দাবি করে খলিল বলেন, ‘আমরা গরিব বলে আমাদের দোকান করার সুযোগ করে দেওয়া হয়েছে।’
আরেকজন দোকানি বলেন, প্রতি দোকান থেকে প্রতিদিন পুলিশের নামে ১০০ টাকা করে চাঁদা তোলা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, ‘বাজার থেকে পুলিশ টাকা উঠায় না। এর সঙ্গে উত্তরা পশ্চিম থানার কোনো সম্পৃক্ততা নেই।’ তিনি বলেন, বাজারটি উচ্ছেদে সহায়তা চাইলে পুলিশ সহায়তা দেবে।
এ সম্পর্কে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী বলেন, ‘দোকান বসানোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’ তিনি আরও বলেন, ‘আমি এই বাজারের বিরুদ্ধে। বাজারের কারণে ভোগান্তির শিকার আমি। যাতায়াতে অনেক অসুবিধা হয়। ব্যবসায়ীরা ফুটপাত দখল করে। এতে যানজট লেগে যায়।’
জানতে চাইলে উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারুল ইসলাম বলেন, ‘বাজার বসানোর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পৃক্ততা নেই। আমরা কাউকে সেখানে বসতে দিইনি।’ তিনি বলেন, ব্যবসায়ীরাই সিটি করপোরেশন ও রাজউকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানে উচ্ছেদের পর পুনরায় দোকান বসিয়েছেন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘উচ্ছেদ করা হলেও আমাদের ফোর্স না থাকায় জায়গাটি রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। লেক উন্নয়নের জন্য একটা প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। ঈদুল আজহার পর সেই প্রকল্পের কাজ শুরু হতে পারে। তখন লেকপাড়ের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।’