উচ্ছেদের পরও বসছে অবৈধ দোকান কমছে না ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরে বিভিন্ন সড়কের দুই ধারের দোকানপাট উচ্ছেদে সিটি করপোরেশনের উদ্যোগে অভিযান চলছে। অন্যদিকে নতুন করে সেসব দোকান আবার বসতে শুরু করেছে। এতে যানবাহন ও নাগরিক চলাচলে ভোগান্তি কমছে না।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে নগরের প্রধান সড়ক, মেডিকেল মোড় থেকে মডার্ন মোড় পর্যন্ত, বিশ্বরোডের দুই ধারসহ জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, লালবাগ, সাতমাথা মোড়, রংপুর সরকারি কলেজের সামনে, পার্কের মোড়সহ আরও কিছু গুরুত্বপূর্ণ এলাকায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করা হয়। সপ্তাহে প্রায় দিনই এ অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে উচ্ছেদ অভিযানের পর ওই সব এলাকায় আবার নতুন করে দোকানপাট বসতে শুরু করে। এতে সড়ক আগের মতোই সংকুচিত হয়ে পড়ছে। নগরের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোয় যানজট লেগেই থাকছে। এর মধ্যে নগরের সিটি করপোরেশনের সামনে থেকে পায়রা চত্বর হয়ে শাপলা চত্বর পর্যন্ত দুই কিলোমিটার সড়কের দুই পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও তা আবার নতুন করে বসতে শুরু করেছে।
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য পরিবেশ ফিরিয়ে আনতে সিটি করপোরেশন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে।