
খুলনা নগরে সারা বছরই বিক্ষিপ্তভাবে ফুটপাত ও সড়ক দখল করে চলে নানা রকমের ব্যবসা। কিন্তু শীত মৌসুমে সেই তৎপরতা বেড়ে যায় বহুগুণ। ফুটপাত ও রাস্তার যেখানে-সেখানে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেন হকাররা।
এর ফলে পথ চলতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। কেউ কেউ ফুটপাত দিয়ে কষ্ট করে হাঁটলেও অনেকে রাস্তা দিয়ে চলাচল করেন। কিন্তু সেখানেও বিপত্তি। রাস্তার একটা বড় অংশ হকারদের দখলে। এ অবস্থায় কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে হকারমুক্ত ফুটপাত ও রাস্তার দাবি করেছেন নগরবাসী।
খুলনা সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসনের দাবি, সড়ক ও ফুটপাত দখলের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালানো হয়। কিন্তু অভিযান শেষে তা আবার দখল হয়ে যায়। তবে অনেক হকারের ভাষ্য, দখলমুক্ত করার বদলে পুলিশ হকারদের কাছ থেকে প্রতিদিন টাকা আদায় করে। এ কারণে মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে অভিযান চালালেও চূড়ান্ত কোনো সমাধান হয় না।
ডাকবাংলা এলাকায় হার্ড মেটাল গ্যালারির সামনে কথা হয় হকার শফিক, আলতাফ, নুরুল ইসলামের সঙ্গে। তাঁরা বলেন, প্রতিদিন পুলিশের মনোনীত প্রতিনিধি দোকানপ্রতি ২০ টাকা করে নেন। এ ব্যাপারে ওই এলাকায় দায়িত্বরত খুলনা সদর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান বলেন, ‘এ ব্যাপারে কিছুই জানি না। যদি কেউ এমন করে, তবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। মাঝে মাঝেই উচ্ছেদ অভিযান চালাই। অভিযানের আধা ঘণ্টা পর আবার দোকান বসে যায়।’
গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, নগরের পাওয়ার হাউস মোড় থেকে বাংলাদেশ ব্যাংকের মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ফুটপাতের পুরোটাই হকারদের দখলে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ের দেয়ালসংলগ্ন ফুটপাত ও জেলা আইনজীবী সমিতির সামনের ফুটপাতেও চলছে শীতের কাপড়ের ব্যবসা।
নগরের ডাকবাংলা মোড়, ক্লে রোড ও খুলনা শপিং কমপ্লেক্সের সামনে সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও রাস্তার অর্ধেকজুড়ে চলছে বেচাকেনা। রাস্তার ঠিক মাঝখানে ভ্যান ও অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করছেন হকাররা।
হার্ড মেটাল গ্যালারির সামনে কথা হয় এক জুতার দোকানির সঙ্গে। তিনি নাম প্রকাশ না করে বলেন, ‘রাস্তায় দোকান বসানো ঠিক না, আবার ঠিক। আমরা বাঁচপো তো। তা ছাড়া আমাগো দল ক্ষমতায়, আমাগো কে কী বলবে!’
খুলনা ওয়াসার সামনে ও পিকচার প্যালেস মোড়ে ফুটপাতে শীতবস্ত্রের দোকানের পাশাপাশি রয়েছে মাছ ও ফলের দোকানও। খুলনা শপিং কমপ্লেক্সের বিপরীতে রাস্তার অর্ধেকজুড়ে সাইকেল সাজানো থাকে। রাস্তার ওপর বাজার বসায় এসব স্থানে সার্বক্ষণিক যানজট লেগে থাকে।
একদিকে ফুটপাত, অপরদিকে রাস্তার প্রায় অর্ধেক দখল—পথচারীদের ঠিকভাবে হাঁটার অবস্থা নেই। বেশির ভাগ এলাকায় ফুটপাত থেকে নামতেই রাস্তার পাশজুড়ে সারি সারি ইজিবাইক, সাইকেল আর মোটরসাইকেল। কোথাও কোথাও অফিসের গাড়িও পার্কিং করা।
ডাকবাংলা মোড়ে কথা হয় পথচারী হাসিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, খুলনা নগরের ফুটপাত সারা বছরই দখল হয়ে থাকে। আগে বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলা গেলেও শীতের মৌসুমে ব্যবসায়ীরা রাস্তার মাঝ পর্যন্ত চলে আসেন। তখন চূড়ান্ত ভোগান্তি পোহানো ছাড়া কোনো উপায় থাকে না।