উচ্ছেদের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আদিবাসী খাসিয়াদের উচ্ছেদের ভয় দেখিয়ে বন বিভাগের এক কর্মকর্তা এক লাখ টাকা দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে।
আদিবাসীদের সূত্রে জানা গেছে, উপজেলার ফুলতলা ইউনিয়নের আদাবাড়ী পুঞ্জিতে (গ্রাম) ৩৩টি খাসিয়া পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। পান চাষ করে তাদের জীবিকা চলে।
আদাবাড়ী পুঞ্জির বাসিন্দা তাং খংবঃ অভিযোগ করেন, সম্প্রতি বন বিভাগের সাগরনাল বিট কার্যালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা দুলাল চন্দ্র সাহা মুঠোফোনে তাঁকে ডেকে নিয়ে জানান, খাসিয়াদের উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হচ্ছে। উচ্ছেদ ঠেকাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করতে তিনি এক লাখ টাকা দাবি করেন। পরে মুঠোফোনেও একাধিকবার তাংয়ের কাছে টাকা চেয়ে তাগাদা দেন তিনি। মুঠোফোনে বন কর্মকর্তার কথা ধারণ করে রাখা হয়েছে। তাং জানান, উচ্ছেদের খবর শুনে তাঁরা আতঙ্কে রয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে যোগাযোগ করলে দুলাল চন্দ্র সাহা টাকা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ নিয়ে কারও সঙ্গে আমার কোনো কথা হয়নি।’