উচ্ছেদের ২০ মিনিটের মধ্যে আবার দখল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশন ফুটপাতে রাখা মালিকানাবিহীন কিছু মালামাল জব্দ করে। ছবি: নিধি চাকমা
সিটি করপোরেশন ফুটপাতে রাখা মালিকানাবিহীন কিছু মালামাল জব্দ করে। ছবি: নিধি চাকমা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্দেশে আজ সোমবার বসুন্ধরা সিটির সামনে ও পেছনের পূর্ণিমা সিনেমা হল সংলগ্ন রাস্তা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে উচ্ছেদের ২০ মিনিটের মধ্যে এসব অবৈধ স্থাপনা আবার একই স্থানে বসে পড়ে।

সিটি করপোরেশন সূত্র জানায়, দুপুর ১২টার দিকে বসুন্ধরা সিটির সামনে ও পেছনের এলাকায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিওর রহমানের নির্দেশে পরিচ্ছন্ন পরিদর্শক এম এ আহসানের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সিটি করপোরেশন ফুটপাতে রাখা মালিকানাবিহীন কিছু মালামাল জব্দ করে। ওই সময় দোকানিরা তাঁদের ফুটপাতে রাখা মালামাল আশপাশের দোকানের ভেতর ঢুকিয়ে ফেলেন।
অভিযান পরিচালনাকারী এম এ আহসান প্রথম আলোকে বলেন, এর আগে অবৈধ দখলদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়। আজ যে অভিযান পরিচালনা করা হয়েছে, এটা একটা সতর্ক বার্তা। পরবর্তী সময়ে দোকানিরা যদি আবার ফুটপাতে বসে পড়েন, তাহলে তাঁদের জেল-জরিমানা করা হবে। তিনি বলেন, মেয়র নির্দেশ দিয়েছেন ফুটপাত দখল করে কেউ এক ইঞ্চি জায়গাও ব্যবহার করতে পারবে না। যদি কেউ আদেশ অমান্য করে, তাহলে দোকান সাত থেকে আট মাসের জন্য সিলগালা করে দেওয়া হবে। ইতিমধ্যে বনানীতে অনেক দোকান এভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

উচ্ছেদের একটু পরই ফুটপাত দখল করে আবার ব্যবসা শুরু করেছেন দোকানদারেরা। ছবি: নজরুল ইসলাম
উচ্ছেদের একটু পরই ফুটপাত দখল করে আবার ব্যবসা শুরু করেছেন দোকানদারেরা। ছবি: নজরুল ইসলাম

উচ্ছেদের একটু পরই ঘটনাস্থলে সরেজমিনে দেখা যায়, ফুটপাত দখল করে আবার ব্যবসা শুরু করেছেন দোকানদারেরা। দখলের বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, ‘এটা আমাদের জীবনের একটা অংশ। পেটের দায়ে করছি। এটা করা ছাড়া আমাদের কোন উপায় নেই। স্থানীয় সরকার দলীয় নেতাদের নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে আমরা এখানে ব্যবসা করি।’