উচ্ছেদ-চেষ্টার প্রতিবাদে ২০ হিন্দু পরিবারের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্ছেদের চেষ্টার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাদুরতলী গ্রামের ২০টি হিন্দু পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টা এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এলাকার মনোরঞ্জন শীলসহ ১০১ জনের সই করা ওই স্মারকলিপিতে বলা হয়, বাদুরতলী এলাকার নিমাই চন্দ্র সাহা ও মল্লিকা রানী চক্রবর্তী সরকারি খাস খতিয়ানের ৫০ শতাংশ জমি বন্দোবস্ত নিয়েছেন। তাঁদের ওই জায়গায় ২০টি হিন্দু পরিবার প্রায় ৫০ বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু ১৯৯৮ সালে কলাপাড়া থানাকে পৌরসভা ঘোষণা করার পর এলাকার প্রভাবশালী আফজাল হোসেন খান ভূমি কার্যালয়ের তৎকালীন অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে বেআইনি ও অবৈধভাবে তাঁদের ৩০ শতাংশ জমি নিজের ও তাঁর ভগ্নিপতি আবদুল হক মুসল্লির নামে বন্দোবস্ত নেন। এরপর থেকেই আফজাল ও তাঁর লোকজন হিন্দু পরিবারগুলোকে উচ্ছেদের চেষ্টা চালাতে থাকেন। দুই বছর আগে বাদুরতলী রাস্তার পাশে পাঁচটি দোকানঘর নির্মাণ করে দখলে নেওয়ার চেষ্টা চালান। এ ঘটনায় উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা কমিটির বরাবরে আফজাল ও হকের নামে দেওয়া বন্দোবস্ত বাতিলের আবেদন করে পরিবারগুলো।

এই পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৮ আগস্ট উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় এই দ্বিতীয় দফার বন্দোবস্ত বাতিলের সিদ্ধান্ত হয়। পরে আবদুল হক আদালতে দেওয়ানি মোকদ্দমা করেন। এদিকে আদালতের নির্দেশে ১ এপ্রিলউকিল কমিশন ঘটনাস্থল পরিদর্শন করে। এতে আফজাল ও হক ক্ষিপ্ত হন। তাঁরা অস্ত্রশস্ত্রসহ লোকজন নিয়ে গত সোমবার সকালে হিন্দু পরিবারগুলোকে ভয়ভীতি দেখান। তাঁদের গোয়ালঘর ভেঙে সেখানে ঘর বানানো শুরু করেন। এ সময় বাধা দিলে খুন-জখমের ভয় দেখানো হয়।

ভুক্তভোগী গৃহবধূ মল্লিকা রানী সাহা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর পূর্বপুরুষেরা এই জমিতে বসবাস করে আসছেন। আফজাল ও আবদুল হক এখন তাঁদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলছেন।

এই জমিতে বসবাসকারী মনোজ শীল বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই আমাদের ওপর এই অত্যাচার হচ্ছে।’

জানতে চাইলে আফজাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ছোট ভাই দেলোয়ার হোসেন বলেন, ‘ভূমি কার্যালয় থেকে আমাদের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমরা ওই জমিতে যাই নাই। এখন জমি বুঝে নিতে চাইলে খুন-জখমের ভয় দেখানোর মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র দাস বলেন, বন্দোবস্ত দেওয়া জমি বাতিল না করে অন্য কাউকে আবার বন্দোবস্ত দেওয়া যায় না। এ কারণে পরে যাঁদের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছিল, তা বাতিলের সুপারিশ করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। হিন্দু পরিবারগুলোর সদস্যের সঙ্গে কথা বলেছি। পুলিশ সুপারের সঙ্গেও কথা বলেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’