উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি ইজারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি হিন্দু পরিবারের জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। বন্দোবস্ত পাওয়া ব্যক্তিরা জমিটি দখলের চেষ্টা করায় আতঙ্কে রয়েছে পরিবারটি।

জানতে চাইলে উজিরপুরের ইউএনও ঝুমুর বালা বলেন, (জমিটির মালিক) দেবতোষ চন্দকে তাঁরা নোটিশ দিয়েছিলেন। কিন্তু তিনি যোগাযোগ না করায় নতুন কয়েকজনকে ইজারা দেওয়া হয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সম্পর্কে তিনি জানেন না। কারণ, এ-সংক্রান্ত কাগজপত্র তাঁর হাতে পৌঁছায়নি।

সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, উজিরপুর মৌজার ১ একর ৬৯ শতক সম্পত্তির প্রকৃত মালিক প্রমথ নাথ চন্দ। তাঁর মৃত্যুর পর ছেলে দেবতোষ চন্দ (৭৯) পৈতৃক সূত্রে জমির মালিক হিসেবে পরিবার-পরিজন নিয়ে ৭০-৮০ বছর ধরে বাস করে আসছেন। কিন্তু ১৯৮৯ সালে মাখন লালসহ স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি প্রশাসনকে হাত করে ওই জমি বন্দোবস্ত নেন এবং একাংশ দখল করেন। এর বিরুদ্ধে দেবতোষ বরিশাল সহকারী জজ আদালতে মামলা করেন। ১৯৯১ সালের ৩১ জুলাই আদালতের বিচারক দেবতোষের পক্ষে রায় দেন এবং বন্দোবস্তের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। ওই রায়ের বিরুদ্ধে সরকারে পক্ষে জেলা জজ আদালতে আপিল করা হয়। কিন্তু শুনানি শেষে আদালত ১ আগস্ট আপিলটি খারিজ করে দেন। পরবর্তী সময়ে সরকারপক্ষ হাইকোর্টে রিট আবেদন করলেও আদালত ১৯৯৭ সালের ২৯ মে সেটি খারিজ করে দেন এবং নিম্ন আদালতের রায় দুটি বহাল রাখেন।

দেবতোষ চন্দ অভিযোগ করে বলেন, জমিটি দখলের চেষ্টা আদালতের হস্তক্ষেপে ব্যর্থ হলেও প্রভাবশালী চক্রটি ষড়যন্ত্র অব্যাহত রাখে। তারা প্রশাসনকে হাত করে ২০১২ সালে জমিটি ‘ক’ গেজেটভুক্ত (অর্পিত সম্পত্তি) করে। ওই গেজেট থেকে অবমুক্তির জন্য তিনি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মামলা করেন। বর্তমানে সেটি বিচারাধীন রয়েছে। দেবতোষ চন্দ বলেন, এর মধ্যেও ওই চক্র জমিটি দখল নেওয়ার পাঁয়তারা অব্যাহত রেখেছে। ফলে প্রতিকার পেতে তিনি আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালতের বিচারক গত ২১ মে জমিটির ওপর স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ জারি করেন। কিন্তু উজিরপুরের ইউএনও ও উপজেলা ডিসিআর কমিটির সভাপতি ঝুমুর বালা ক্ষমতাসীনদের দ্বারা প্রভাবিত হয়েজাহিদুর রহমান, মাখন লাল ও রাশিদা বেগমকে ৪ জুলাই জমিটি বন্দোবস্ত দেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ওই তিনজনের কেউ ফোন ধরেননি।

উজিরপুরের সংখ্যালঘু অধিকার ফোরামের সভাপতি আওয়ামী লীগের নেতা গৌরাঙ্গ লাল কর্মকার ও সাধারণ সম্পাদক শংকর মজুমদার একই অভিযোগ করেন। তিনি বলেন, জমিটি বন্দোবস্ত দেওয়ার মাধ্যমে ইউএনও ঝুমুর বালা আদালতের আদেশ অমান্য করেছেন। অনতিবিলম্বে জমিটির বন্দোবস্ত বাতিলের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তাঁরা।