উজিরপুরে এক ব্যক্তি খুন প্রতিবাদে সড়ক অবরোধ
জমি নিয়ে বিরোধের জের ধরে বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে চাচাতো ভাইয়ের হাতে শহিদুল ইসলাম ব্যাপারী (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল শুক্রবার এলাকাবাসী ও নিহত ব্যক্তির স্বজনেরা উজিরপুর-সাতলা সড়ক অবরোধ ও সমাবেশ করেছেন।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ভবানীপুর গ্রামের মো. শহিদুল ইসলাম ব্যাপারীর সঙ্গে একই গ্রামের আলাউদ্দিন ব্যাপারী ওরফে হান্নানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে শহিদুল ও তাঁর বড় ভাই মাহাবুল ব্যাপারী (৪৫) বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে যান।
এ সময় শহিদুলের চাচাতো ভাই আলাউদ্দিন ব্যাপারী, আলাউদ্দিনের ছেলে রাব্বি ব্যাপারী (১৪) ও স্ত্রী রাশিদা বেগম (৩৫) বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আলাউদ্দিন ব্যাপারী ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে শহিদুলের ওপর হামলা চালান। মাহাবুল ব্যাপারীসহ একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা শহিদুলের মাথায় আঘাত করার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মাহাবুলের চিৎকারে লোকজন এগিয়ে এসে শহিদুলকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গতকাল নিহত শহীদুলের স্ত্রী বকুল বেগম বাদী হয়ে আলাউদ্দিন ব্যাপারী ওরফে হান্নান, তাঁর স্ত্রী রাশিদা বেগম, পুত্র আনিচুর রহমানকে আসামি করে উজিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
শহিদুলকে হত্যার প্রতিবাদে গতকাল উজিরপুর-সাতলা সড়কের ভবানীপুর এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী ও নিহতের স্বজনেরা। তাঁরা সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন। স্থানীয় নাসির মল্লিকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রাজিব ব্যাপারী, মিন্টু ব্যাপারী, তৈয়ব আলী মল্লিক প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বেলা সোয়া ১১টার দিকে ওটরা ইউপির চেয়ারম্যান আবদুল খালেক রাঢ়ি ঘটনার বিচারের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করা হয়।
অভিযোগের ব্যাপারে আলাউদ্দিন ওরফে হান্নানসহ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি। বাড়ির লোকজন জানান, ঘটনার পর থেকেই তাঁরা পলাতক। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন এ প্রসঙ্গে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।