উজিরপুরে একজনকে পিটিয়ে জখম, বাবা ও সৎমা আটক
জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার বরিশালের উজিরপুর উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা ও সৎমাকে আটক করেছে পুলিশ।
আহত ব্যক্তির নাম হেমায়েত হোসেন (৩৫)। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের তেরদ্রান গ্রামের আজিজ হাওলাদার প্রথম স্ত্রী সাবিহা বেগমের মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন। প্রথম স্ত্রীর সন্তান মো. হেমায়েত হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। জমিজমা বুঝে নেওয়ার জন্য তিনি সোমবার বাড়িতে আসেন।
সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েত বাবা আজিজের কাছে নিজের ভাগের সম্পত্তি দাবি করেন। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সৎমা পারুল বেগম (৪০) ও সৎভাই এনায়েত হোসেন (৩০) লাঠিসোঁটা নিয়ে হেমায়েত হোসেনের ওপর হামলা চালান। মাথায় লাঠির আঘাতে গুরুতর জখম হন তিনি।