উজিরপুরে কুপিয়ে স্কুলশিক্ষককে হত্যা
বরিশালের উজিরপুর উপজেলা সদরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত পৌনে নয়টায় নিজ বাড়ির কাছে তাঁর ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর পালক কন্যা কল্পনা রানী গুরুতর জখম হন।
আহত কল্পনা ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উজিরপুর উপজেলা সদরের ডব্লিউ বি ইনস্টিটিউশনের (উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়) সহকারী শিক্ষক (সনাতন ধর্ম) বিপুল কৃষ্ণ চক্রবর্তী বিদ্যালয় ছুটির পর পালক কন্যা কল্পনা রানীকে (৫২) নিয়ে উজিরপুর উপজেলার তাঁরাবাড়ি শিবমন্দিরে ধর্মীয় সভায় যোগ দেন। সেখান থেকে রাত আটটার দিকে নিজ বাড়ি উজিরপুর উপজেলার উজিরপুর-শিকারপুর ইউনিয়নের মাদারসী গ্রামের উদ্দেশে রওনা হন।
কল্পনা রানী জানান, রাত পৌনে নয়টার দিকে বাড়ির কাছে ওত পেতে থাকা পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে রড দিয়ে পিটিয়ে বিপুলকে জখম করে। তিনি বাধা দিতে গেলে তাঁকেও পিটিয়ে জখম করে। পরে তাঁদের রক্তাক্ত অবস্থায় বেঁধে বিপুলের নিজ ঘরে নিয়ে যায়। সেখানে তাঁদের চোখ ও হাত-পা বেঁধে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তাঁদের মুমূর্ষু অবস্থায় ফেলে চলে যায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সানজিদা জানান, হাসপাতালে পৌঁছার আগেই বিপুল মারা গেছেন। কল্পনা রানীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।