উজিরপুরে গাছ ও মাছ লুট
বরিশালের উজিরপুর উপজেলায় বিরোধপূর্ণ জমি থেকে প্রায় ১০ লাখ টাকার গাছ ও ঘেরের মাছ প্রতিপক্ষের লোকজন লুট করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেছেন।
রফিকুল ইসলাম ও এলাকার কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, উপজেলার হারতা ইউনিয়নের হারতা গ্রামের সোলায়মান ব্যাপারীর সঙ্গে একই এলাকার রফিকুলের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে গত রোববার বিকেলে সোলায়মান তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ ওই জমির গাছ কাটতে শুরু করেন। এ সময় রফিকুল বাধা দিলেও তাঁরা মেহগনি, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির কিছু গাছ কেটে নিয়ে যান। একই সঙ্গে তাঁরা ওই জমিতে থাকা একটি ঘের থেকে মাছ লুট করে নিয়ে যান।
সোলায়মান ব্যাপারী বলেন, ‘আমাদের সম্পত্তি প্রতিপক্ষ ৪০ বছর ধরে ভোগ দখল করছে। সেই সম্পত্তি দখলে নিয়ে সেখান থেকে গাছ কাটা হয়েছে।’ তবে রফিকুল ইসলাম বলেন, ‘শত বছর ধরে আমরা ওই সম্পত্তি ভোগদখল করছি। গায়ের জোরে প্রতিপক্ষের লোকজন আমাদের ১০ লাখ টাকার গাছ ও মাছ লুট করেছে।’
হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হরেন রায় বলেন, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে কিছুদিন আগে সালিস হয়। সে সময় উভয় পক্ষই আদালতের শরণাপন্ন হবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু আদালতে না গিয়ে জোর করে জায়গা দখল করে সোলায়মান অবৈধ কাজ করেছেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ থাকায় একপক্ষ কিছু গাছ কেটেছে। এ ব্যাপারে রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার সোলায়মান, সৈয়দ আলী ব্যাপারীর নাম উল্লেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। দুই পক্ষকেই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।