উজিরপুরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার
বরিশালের উজিরপুর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গতকাল মঙ্গলবার পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ এক যুবককে (৩৩) গ্রেপ্তার করেছে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ গতকাল উজিরপুর মডেল থানায় মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ গৃহপরিচারিকার কাজ করতেন। ১৪ ডিসেম্বর রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে চার বখাটে যুবক তাঁকে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় আরেক যুবক ওই ঘটনা মুঠোফোনে ভিডিও করেন। বিষয়টি জানাজানি হলে ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তাঁরা।
ওই গৃহবধূর স্বামী গতকাল বলেন, ভয়ে তাঁরা বিষয়টি গোপন রেখেছিলেন। গত রোববার তাঁর অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বখাটে যুবকেরা তাঁর স্ত্রীকে কুপ্রস্তাব দেন। রাজি না হলে আগের ভিডিও চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন। ব্যর্থ হয়ে পরে তাঁরা চলে যান। এ বিষয়ে সোমবার তাঁরা থানায় লিখিত অভিযোগ করেন। এ কারণে যুবকেরা ক্ষিপ্ত হয়ে গতকাল বাড়িতে এসে আবারও হুমকি দেন।
উজিরপুর মডেল থানার ওসি মো. গোলাম সরোয়ার বলেন, যুবকেরা গতকাল সকালে গৃহবধূর বাড়িতে গিয়ে অভিযোগ প্রত্যাহার করার জন্য ভয়ভীতি দেখিয়েছেন।