উজিরপুরে ডাকাতির ঘটনায় মামলা, মূল আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় মাছ ধরার নৌকা ও বাড়িতে ডাকাতির ঘটনায় অবশেষে গত মঙ্গলবার রাতে মামলা নিয়েছে পুলিশ। মামলার প্রধান আসামি যুবলীগ নেতা জাহিদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
এদিকে এ ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পরও মামলা গ্রহণ না করা এবং হাতেনাতে আটক ছয়জনকে ছেড়ে দেওয়ায় উজিরপুর থানার ওসিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ। আগামী তিন দিনের মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার গভীর রাতে মামলাটি গ্রহণ করা হয়। মামলার বাদী হারতার নাতারকান্দি গ্রামের গৃহবধূ শান্তি রানী সমাদ্দার। আসামি করা হয় জাহিদুল ইসলাম, জামাল হোসেন, সুমন খান, লিমন কাজী, কুদ্দুস সিকদার ও সুবোধ মাঝিকে। এরপর রাতেই ওটরা এলাকা থেকে প্রধান আসামি জাহিদুলকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলেপাড়ার বাসিন্দাদের অভিযোগ, মামলার পর আসামি ও তাদের সহযোগীরা জেলেপাড়ায় ঢুকে হুমকি দিয়েছে। তারা বলেছে, বিষয়টি সাংবাদিকদের না জানালে মামলা হতো না। তবে ওসি আনোয়ার হোসেন এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, সন্ত্রাসীদের হুমকি দেওয়ার কথা সঠিক নয়।
গত সোমবার রাতে উজিরপুরের হারতা ইউনিয়নের সন্ধ্যা নদীতে পুলিশ পরিচয়ে যুবলীগের সাতজন নেতা-কর্মী প্রায় ২০টি নৌকা ও ট্রলারে ডাকাতি করে। এরপর তারা হারতার নাতারকান্দি গ্রামের জেলেপাড়ায় ঢুকেও পাঁচটি বাড়িতে ডাকাতি করে। তাদের হামলায় উভয় ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হন। একপর্যায়ে গ্রামবাসী একত্র হয়ে ডাকাতদের ঘিরে ফেলেন এবং ছয়জনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। কিন্তু পুলিশ তাদের রাজনৈতিক পরিচয় জেনে মঙ্গলবার সকালে ছেড়ে দেয়।