বরিশালের উজিরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত বুধবার এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ভর্তি-ইচ্ছুক এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গতকাল বৃহস্পতিবার গৌরনদীতে অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।
ধর্ষণের ঘটনায় করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্নাতক প্রথম বর্ষের মেয়েটিকে ওই তরুণ (১৯) উত্ত্যক্ত করে আসছিলেন। এক বছর আগে বিয়ের কথা বলে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এরপর মেয়েটিকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে আসছিলেন। বিয়ের কথা বলে গত সোমবার মেয়েটিকে নানাবাড়ি নিয়ে যান। সেখানে নেওয়ার পর রাতে মেয়েটিকে আবার ধর্ষণের চেষ্টা চালান ওই তরুণ। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন এসে ওই তরুণকে আটক করে। রাতেই ওই তরুণকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় কলেজছাত্রী বাদী হয়ে ছেলেটির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
অপরদিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, ওই ছাত্রী কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করে। কিন্তু জিপিএ কম থাকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বারের ফলাফলে পছন্দের কলেজে তার নাম আসেনি। সে ওই কলেজে ভর্তির জন্য একজন অফিস সহকারীর সঙ্গে যোগাযোগ করে। ওই অফিস সহকারী ছাত্রীটিকে ২০ জুন দুপুরে কলেজে আসতে বলেন। ছাত্রীটি এলে ওই অফিস সহকারী তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শ্লীলতাহানি ঘটান। ওই ছাত্রী বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান। পরে মেয়েটি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়।
ওই অফিস সহকারী বলেন, ‘কয়েকজন বহিরাগত অফিসকক্ষে ঢুকে আমাকে মারধর করে রক্তাক্ত জখম করে। হামলাকারীরাই ওই ছাত্রীকে দিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ করিয়েছে।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বলেন, বিষয়টি নিয়ে গতকাল জরুরি সভা হয়েছে। সেখানে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী রোববার থেকে পরের পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও মো. শরিফ আহম্মেদ বলেন, ওই অফিস সহকারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।