উজিরপুরে পুলিশ-ডাকাত গোলাগুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় গত রোববার গভীর রাতে পুলিশের সঙ্গে সন্দেহভাজন ডাকাতদের পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জহিরুল প্যাদা (৩২)। তিনি গৌরনদী উপজেলার মিয়ারচরের এনছার আলী প্যাদার ছেলে।

উজিরপুর মডেল থানা-পুলিশ সূত্র জানায়, উজিরপুরের বামরাইল ইউনিয়নের কালিহাতা কদমতলা গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। গোপনে এ তথ্য পেয়ে রোববার দিবাগত রাত একটার দিকে থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়া শুরু করে। পুলিশ পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টা পাল্টাপাল্টি গুলি চলে। পরে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও জহিরুল প্যাদা ধরা পড়েন। তাঁর কাছে একটি পাইপগান ও দুটি গুলি পাওয়া যায়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ গ্রামের পাশের জঙ্গল থেকে একটি রামদা, একটি ছ্যানা (ধারালো অস্ত্র) ও চারটি ককটেল উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, জহিরুল প্যাদা আন্তজেলা ডাকাত দলের সদস্য। উজিরপুরের হারতা বাজারে মৎস্য আড়তে গত নভেম্বরের শেষের দিকেডাকাতির ঘটনার মূল হোতা তিনিই। তাঁর বিরুদ্ধে উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া থানায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। রোববার রাতের ঘটনায় পুলিশ পৃথক তিনটি মামলা করেছে। জহিরুলের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।