উজিরপুরে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাসহ আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার ইউনিয়নের তেরদ্রোন গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে পুলিশ। অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলি ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাহিদ বাদী হয়ে আজ মঙ্গলবার অস্ত্র ও মাদক আইনে উজিরপুর থানায় পৃথক দুটি মামলা করেছেন।

উজিরপুর থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার উজিরপুর মডেল থানার পুলিশ তেরদ্রোন গ্রামে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ও অস্ত্র ব্যবসায়ী আনিসুর রহমান (৩২) ও তাঁর সহযোগী মো. আসাদ হাওলাদারকে (২৮) আটক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, আনিসুর রহমান দীর্ঘদিন যাবৎ​ গুঠিয়াসহ উজিরপুর ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিল। কয়েক মাস আগে ইয়াবা তৈরির মেশিন কিনে তিনি নিজেই বাড়িতে ইয়াবা তৈরি করছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন জেলা ও থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা আছে।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে আনিসুর যুক্তরাষ্ট্রে তৈরি একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলি ও শতাধিক ইয়াবা বড়ি থাকার কথা স্বীকার করলে পুলিশ তা উদ্ধার করেছে। এ ছাড়া তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাঁদের সহযোগী তেরদ্রোন এলাকা থেকে আল আমিন (৩০) ও আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম থেকে ইসমাইল মোল্লাকে (৪৫) আটক করেছে। আটক চারজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা সবাই মাদক ও অস্ত্র বিক্রির নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় তাঁরা তাঁদের দুই ব্যবসায়িক আশ্রয়দাতার নামও প্রকাশ করেন। এঁরা হলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. খবিরউদ্দিন (৩৮) এবং উজিরপুর উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. শিপন মোল্লা (৪২)।
গতকাল সোমবার ওই দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। বরিশাল সদর সার্কেল এএসপি সাহাবুদ্দিন কবির আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।
পরে আটক ছয়জনকে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন চৌধুরী জানান, মাদক ও অস্ত্র ব্যবসায়ী চক্রের মূলোৎপাটনে আটক ব্যক্তিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় আজ উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোজাহিদ বাদী হয়ে আনিসুর রহমান ও মো. আসাদ হাওলাদারকে অস্ত্র ও ইসমাইল হোসেন ও আল আমিনকে মাদক মামলার আসামি করে পৃথক দুটি মামলা করেছেন। তবে আটক নেতাদের বিরুদ্ধে এখনো মামলার সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।