উজিরপুরে মাছের বাজারে ডাকাতি, আড়তদার নিহত
বরিশালের উজিরপুর উপজেলায় মাছের আড়তে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় সোহরাব ব্যাপারী নামের একজন আড়তদার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। নগদ কোটি টাকা লুট হয়েছে বলে মৎস্য ব্যবসায়ীরা দাবি করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সূত্রে জানা গেছে, উপজেলার হারতা বন্দরের উত্তরপাড়ে আড়তসংলগ্ন নদীর ঘাটে (কঁচা নদীর ঘাটে) গতকাল সন্ধ্যায় মুখোশ পরা একদল ডাকাত স্পিডবোটে করে আসে। পরে মাছের বাজারে ঢুকে গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। ডাকাতেরা প্রায় ১৫টি আড়তে টাকা লুট করে। এ সময় ডাকাতদের হামলায় আড়তদার সোহরাব নিহত হন। তাঁর বাড়ি হারতা গ্রামে। এ ছাড়া গুলি, বোমা ও ছুরিকাঘাতে আড়তদার, পাইকার ও খুচরা ক্রেতা-বিক্রেতাসহ ২৫ জন আহত হন।
কয়েকজন ব্যবসায়ী বলেছেন, ৪০ মিনিটের বেশি সময় ধরে ডাকাতেরা লুটপাট চালায়। তখন গোটা বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৎস্য ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ডাকাতেরা অন্তত এক কোটি টাকা লুট করে নিয়ে গেছে।