উজিরপুরে সাংবাদিককে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলা সদরে গতকাল সোমবার দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুর রহিম সরদারকে পিটিয়ে জখম করা হয়েছে। পত্রিকায় খবর প্রকাশের জের ধরে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক শিপন মোল্লা ও তাঁর সহযোগীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত আবদুর রহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, উজিরপুর প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আবদুর রহিম সরদার গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আসেন। এ সময় শ্রমিক লীগের নেতা শিপন মোল্লা ও তাঁর সহযোগীরা অতর্কিতে ওই সাংবাদিকের ওপর হামলা চালায়। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত আবদুর রহিম অভিযোগ করেন, নারীঘটিত এক কেলেঙ্কারিতে শ্রমিক লীগ নেতা শিপনের এক সমর্থক জড়িত থাকাসংক্রান্ত একটি খবর ২৭ আগস্ট আমাদের সময়-এ প্রকাশিত হয়। এর জের ধরে শিপন ও তাঁর সহযোগীরা সুযোগ পেয়ে হামলা চালায়।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা শামস্ উদ্দিন বলেন, ওই সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম ছিল। পরে রোগীর আত্মীয়রা উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শহরে নিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে শিপন মোল্লা দাবি করেন, ‘এ হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’