উজিরপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলা সদরের ডব্লিউ বি ইনস্টিটিউশনের (উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়) সহকারী শিক্ষক বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুবৃ‌র্ত্তরা। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁর সঙ্গে থাকা দত্তক কন্যা কল্পনা রানীও দুবৃ‌র্ত্তদের হাতে গুরুতরভাবে জখম হন।

প্রত্যক্ষদর্শী, আহত কল্পনা রানী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিদ্যালয় ছুটির পর বিপুল কৃঞ্চ চক্রবর্তী কল্পনা রানীকে নিয়ে উজিরপুর উপজেলার তাঁরাবাড়ি শিব মন্দিরে ধর্মীয় সভায় যোগ দেন। সেখান থেকে রাত আটটার দিকে নিজ বাড়ি উপজেলার মাদারসী গ্রামে রওয়ানা হন। রাত পৌনে নয়টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫/৬ জন দুবৃ‌র্ত্ত তাঁদের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা বিপুল কৃষ্ণকে রড দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় কল্পনা তাদের বাধা দিলে তাঁকেও পিটিয়ে আহত করে দুবৃ‌র্ত্তরা। এক পর্যায়ে তাঁদের উভয়কে বিপুলের বাসায় নিয়ে চোখ, হাত ও পা বেধে হাতুড়ি ও ধারাল অস্ত্র দিয়ে নির্যাতন চালায় দুর্বৃত্তরা। পরে দুজনকে সেখানে ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সানজিদা জানান, হাসপাতালে আনার আগেই বিপুল কৃষ্ণ চক্রবর্তীর মৃত্যু হয়। কল্পনা রানীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতৃা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বরিশাল পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।