উজিরপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় মাকেসহ মারধর
বরিশালের উজিরপুর পৌর এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেরা ওই ছাত্রী ও তার মাকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীর মা আহত অবস্থায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার চারজনের নাম উল্লেখসহ সাতজনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছেন। বখাটেদেরহুমকির মুখে পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে।
এজাহার ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, উজিরপুর পৌর এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে (১৪) দীর্ঘদিন ধরে উত্তর রাখালতলা গ্রামের প্রভাবশালী বাবুল বেপারীর ছেলে শাওন বেপারী (২৩) স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করেন। কিছুদিন আগে শাওন স্কুলছাত্রীর পথরোধ করে প্রেমের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে শাওন ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত স্কুলছাত্রীর পথ আটকে ভয়ভীতি দেখান ও হুমকি দেন।
ছাত্রীর মা বলেন, তিনি মেয়ে এবং পরিবারের মানসম্মানের কথা চিন্তা করে বিষয়টি নিয়ে চুপ থাকেন।
স্কুলছাত্রীরমা অভিযোগ করেন, গত ২৭ জুন বেলা তিনটার দিকে তিনি মেয়েকে নিয়ে শাওনদের বাড়ির পাশের রাস্তা দিয়ে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে রাখালতলা এলাকায় শাওন এবং তাঁর সহযোগী সেন্টু তাঁদের পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা মেয়ের হাত ধরে টানাহেঁচড়া করেন। এ সময় তিনি প্রতিবাদ করলে তাঁরা তাঁকেও লাঞ্ছিত করেন। একপর্যায়ে তাঁরা ভয়াবহ পরিণতির হুমকি দিয়ে চলে যান। এ ঘটনা শাওনের বাবাকে জানিয়ে প্রতিকার চাওয়া হয়। তিনি ছেলের বিচার না করে উল্টো তাঁকে সাশিয়ে দেন। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানানো হয়। ইউএনও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।
এজাহারে বাদী আরও উল্লেখ করেন, ওই ঘটনার দুই দিন পর (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি (বাদী) তাঁর ছেলে ও মেয়েকে নিয়ে কালীরবাজারে বাজার করতে রওনা হন। শাওনের বাড়ির কাছে শাওন বেপারী ও তাঁর সহযোগী সেন্টু হাওলাদার (২৪), লিটন হাওলাদার (৩২) ও মিন্টু হাওলাদার (২৬) পথ আটকে মেয়েটিকে অপহরণের চেষ্টা চালান। এতে মা ও ভাই বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদের মারধর করেন। তাঁদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া করলে বখাটে ও সন্ত্রাসীরা পালিয়ে যান। স্থানীয় লোকজন মা ও মেয়েকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও মা এখনো চিকিৎসাধীন।
অভিযোগ সম্পর্কে জানতে যোগাযোগের চেষ্টা করে শাওনের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে শাওনের বাবা বাবুল বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের ঘটনার সত্যতা নেই। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় গতকাল ছাত্রীর মা বাদী হয়ে বখাটে শাওন বেপারী ও তাঁর সহযোগী সেন্টু হাওলাদার, লিটন হাওলাদার ও মিন্টু হাওলাদার এবং অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করে একটি মামলা করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।