উত্তর বাড্ডায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডার একটি বাড়ি থেকে আজ রোববার দুপুরে এক কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্ত্রীর দাবি, প্রেমে বাধা দেওয়ার সে আত্মহত্যা করেছে।
ওই গৃহকর্মীর নাম ফরিদা আক্তার (১৫)। সে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মণিপুরপাড়া গ্রামের মো. চান মিয়ার মেয়ে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, বেলা তিনটার থেকে উত্তর বাড্ডার চ/২২, মানমী হাউস ভবনের ষষ্ঠতলার শৌচাগারের গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফরিদার লাশ উদ্ধার করা হয়। ওই বাসার গৃহকর্তা-গৃহকর্ত্রী হলেন মফিজুল ইসলাম (৭৫) ও মিনারা বেগম (৬০)। তাঁদের ভাষ্য, সম্প্রতি এক ছেলের সঙ্গে ফরিদার প্রেমের সম্পর্ক হয়েছিল। বিষয়টি জানতে পেরে তাঁরা ফরিদাকে বাড়ি থেকে বের হতে বাধা দেন। গতকাল শনিবার তাঁকে বাড়িতে আটকে রাখা হয়। এতে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
এসআই জাহাঙ্গীর আরও জানান, ফরিদার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা প্রক্রিয়াধীন।