উত্তরখানে কিশোরের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরখানের বাওয়ারটেক এলাকায় গতকাল বুধবার বিকেলে এক কিশোরের গলিত লাশ পাওয়া গেছে। মাস্টারপাড়ার এক পরিবারের দাবি, লাশটি মো. মুন্না (১৬) নামের এক কিশোরের। ৩৫ দিন আগে সে নিখোঁজ হয়।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আহসান বলেন, বাওয়ারটেক এলাকায় কিছু শ্রমিক কাজ করছিলেন। পাশের একটি জলাশয়ের কচুরিপানার নিচে তাঁরা একটি বস্তা দেখতে পান, সেখান থেকে উৎকট গন্ধ আসছিল। পরে তারা থানায় খবর দিলে পুলিশ জলাশয় থেকে বস্তাটি তুলে আনে। বস্তা খুলে সেখানে এক কিশোরের গলিত লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক বলেন, হাড় ও পরনের কাপড় ছাড়া লাশে কিছু নেই। লাশ শনাক্তের জন্য উত্তরখানের মাস্টারপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া মুন্নার পরিবারে খবর দেওয়া হয়। কাপড় দেখে পরিবারের সদস্যরা লাশটি মুন্নার বলে শনাক্ত করেন।
উত্তরখান থানার পরিদর্শক (অভিযান) মামুনুর রহমান বলেন, মুন্না মাস্টারপাড়ার তোফাজ্জাল হোসেনের ছেলে। স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত বলে পরিবার জানিয়েছে।
এই কিশোর গত ৩০ নভেম্বর নিখোঁজ হয়েছে জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। ডায়েরি অনুযায়ী,
৩০ নভেম্বর মুন্না তার বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।