উত্তরখানে ঘরের সামনে নারীকে কুপিয়ে হত্যা
রাজধানীর উত্তরখানের ধোপাদিয়ায় গতকাল বৃহস্পতিবার ভোরে ঘরের সামনে দুর্বৃত্তরা আবেদা খাতুন (৫০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে।
পুলিশ ও আবেদার পারিবারিক সূত্র জানায়, আবেদা বেগম তাঁর একমাত্র মেয়ে আলিফ লায়লা ওরফে আদুরিকে (১৮) নিয়ে ধোপাদিয়ার ৬৩/২/এ ব্যাপারীপাড়ায় নিজেদের একতলা টিনশেড বাড়িতে থাকতেন। গতকাল ভোরে আবেদা ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে তাঁর বাসার সামনে টিউবওয়েলে যান। তাঁর মেয়ে তখন ঘরেই ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় আবেদার বড় ভগ্নিপতি আবদুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে উত্তরখান থানায় মামলা করেছেন।
আবেদার মেয়ে আলিফ লায়লা বলেন, তাঁর মা অজু করতে যাওয়ার সময় বাসার বাইরে থেকে দরজার ছিটকানি লাগিয়ে যান। এ কারণে মায়ের চিৎকার শুনলেও বাসা থেকে তাৎক্ষণিকভাবে বের হতে পারেননি। পরে স্বজনদের ফোন দিলে তাঁরা এসে ছিটকানি খুলে দিলে তিনি বের হন। পরে উত্তরখান থানার পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। আলিফ লায়লা এবার উত্তরখানের একটি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।
আবেদার বড় ভগ্নিপতি আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, কয়েক বছর আগে আবেদার সঙ্গে তাঁর স্বামীর ছাড়াছাড়ি হওয়ার পর মেয়ে আলিফ লায়লাকে নিয়ে তিনি ব্যাপারীপাড়ার বাসায় থাকতেন। তাঁর বাসা থেকে বের হওয়ার জন্য রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে, নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সিরাজুল হক বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করাও যায়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ভরণপোষণ দেওয়া নিয়ে আবেদা তাঁর স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে। তাঁর স্বামী আরেকটি বিয়ে করে অন্যত্র থাকেন। তা ছাড়া আবেদা বাসা থেকে বের হতে যে পথ ব্যবহার করতেন, সেটি নিয়ে ওই জমির মালিকের সঙ্গে বিরোধ চলছিল। হত্যাকাণ্ডের পেছনে এসবের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে আবেদার লাশ গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়িতে নেওয়া হয়।