উত্তরখানে চার দিন ধরে নিখোঁজ এক স্কুলছাত্র
রাজধানীর উত্তরখানের এক স্কুলছাত্র চার দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শাহরিয়ার কাউছার (১৪) উত্তরখানের মাস্টারপাড়া আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
গত সোমবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর গতকাল শুক্রবার রাত পর্যন্ত ঘরে ফেরেনি শাহরিয়ার। তার মুঠোফোনও বন্ধ রয়েছে।
শাহরিয়ারের মা শাহনাজ আকতার প্রথম আলোকে বলেন, তাঁরা উত্তরখানের মাস্টারপাড়া এলাকায় থাকেন। গত সোমবার সকালে তিনি চিকিৎসার জন্য বারডেম হাসপাতালে যান। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে বেলা দুইটার দিকে বাসা থেকে বের হয় শাহরিয়ার। কিন্তু বিকেল হয়ে গেলেও সে হাসপাতাল যায়নি। ছেলের মুঠোফোনে কল করে তা বন্ধ পাওয়া যায়। এর পর থেকে শাহরিয়ারের আর খোঁজ মিলছে না।
এ ঘটনায় শাহরিয়ারের বাবা আতিকুর রহমান উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া গতকাল রাতে প্রথম আলোকে বলেন, শাহরিয়ারের মুঠোফোনের কললিস্টের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে। এটি পেলেই তদন্ত শুরু হবে।