উত্তরপত্র কেড়ে নেওয়ায় কেন্দ্রে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য উত্তরপত্র কেড়ে নেওয়ায় পরীক্ষা শেষে বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থীরা কেন্দ্রে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার বেলা একটার দিকে গণিত পরীক্ষা শেষে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষে হামলা-ভাঙচুর চালানো হয়। জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী এবং অন্য কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

তবে জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী দাবি করেছেন, দেখাদেখি করে লেখার জন্য নয়, জিলা স্কুল যাতে ভালো ফল করতে না পারে, সে জন্য পরীক্ষার প্রথম দিন থেকেই এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা কারণে মানসিক নির্যাতন, গালিগালাজ দেওয়াসহ নানা রূঢ় আচরণ করে আসছেন কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা। রোববার গণিত পরীক্ষার দিনেও বিনা দোষে জিলা স্কুলের শিক্ষার্থীদের উত্তরপত্র গণহারে কেড়ে নেওয়া হয়। জোর করে কেড়ে নিতে গিয়ে পরীক্ষার্থীদের খাতা ছিঁড়েও ফেলা হয়। কক্ষ পরিদর্শকদের এমন আচরণে অনেক মেধাবী শিক্ষার্থী ভালো পরীক্ষা দিতে পারেনি। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ ছিলেন। পরীক্ষা শেষে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা এসব বিষয়ে কেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সেখানে যান। শিক্ষার্থীরা যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায়, এ জন্য তাদের সঙ্গে গিয়েছিলেন শিক্ষকেরা। সেখান থেকে উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করে বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়। কোনো হামলা-ভাঙচুর হয়নি।

উভয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দুটি স্কুলের শিক্ষকদের মধ্যে রেষারেষি ও মনস্তাত্ত্বিক বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকেই। প্রতিবারের মতো এবারও জিলা স্কুলের শিক্ষার্থীরা বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। আর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে জিলা স্কুলে।

অভিভাবকদের অভিযোগ, দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরোধের জেরের প্রভাব পড়ছে পরীক্ষা কেন্দ্রে।

তবে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন প্রথম আলোকে বলেন, ‘জিলা স্কুলের শিক্ষকদের সঙ্গে আমাদের কোনো বিরোধ বা দূরত্ব নেই। শিক্ষার্থীদের সঙ্গে কোনো অশিক্ষকসুলভ আচরণ করার অভিযোগও ভিত্তিহীন।’ তিনি দাবি করেন, শুরু থেকেই জিলা স্কুলের শিক্ষার্থীরা একে অন্যেরটা দেখাদেখি করে নৈর্ব্যক্তিক ও সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে আসছিল। রোববার গণিত বিষয়ের দিনে তা কেন্দ্রের কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মমতাজ মহলের নজরে আসে। তিনি এ নিয়ে কক্ষ পরিদর্শকদের সতর্ক করে দেন। বাধ্য হয়ে কক্ষ পরিদর্শকেরা ‘কড়াকড়ি’ করতে বাধ্য হন। দেখাদেখি করে লেখার জন্য কয়েকজনের উত্তরপত্র নিয়ে ৫-১০ মিনিট করে আটকে রাখা হয়। এতেই ক্ষুব্ধ হয়ে পরীক্ষা শেষে জিলা স্কুল থেকে লাঠিসোঁটা হাতে কেন্দ্রে এসে হামলা করে শিক্ষার্থীরা।

সরেজমিনে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের হামলায় কেন্দ্রের ১১৩ নম্বর কক্ষের কাচের জানালা, দুটি প্লাস্টিকের চেয়ার এবং কাগজ রাখার বেশ কয়েকটি ঝুড়ি ভাঙচুর করা হয়েছে।

কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য বদিউর রহমান বলেন, ‘পরীক্ষা শেষে সবাই উত্তরপত্রের নিরাপত্তায় ব্যস্ত ছিলাম। সোয়া একটার দিকে জিলা স্কুল থেকে একদল উত্তেজিত শিক্ষার্থী দৌড়ে এসে কেন্দ্রের একটি কক্ষ ভাঙচুর করে। দু-একজনের হাতে লাঠি ছিল। পেছনে তাদের শিক্ষকেরাও ছিলেন।’

দুই বিদ্যালয়ের সভাপতি ও বগুড়ার জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, দুই প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বিরোধের বিষয়টি এত দিন নজরে আসেনি। রোববারের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আগামী পরীক্ষাগুলোতে আর এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।