উত্তরপত্র মূল্যায়নে গোপনীয়তা ভঙ্গ, দুই শিক্ষকের শাস্তি
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গোপনীয়তা ভঙ্গের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে পাঁচ বছরের জন্য পরীক্ষা–সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। অব্যাহতি পাওয়া দুজন শিক্ষক হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদ ও প্রভাষক সোমা দেব। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বলেন, ২০১৫ সালের তৃতীয় বর্ষের ৩০৫ নম্বর কোর্সের শিক্ষক ছিলেন তানভীর আহমদ ও সোমা দেব। কোর্সটির দুটি ইনকোর্সের মধ্যে প্রথম ইনকোর্সের দায়িত্বে ছিলেন তানভীর আহমদ। সেটির নম্বর তানভীর আহমদের দেওয়ার কথা থাকলেও নম্বরপত্রে উল্লেখ আছে সোমা দেবের হাতে লেখা নম্বর। সেখানে কয়েকটি নম্বরে পরিবর্তন হওয়ায় কাটাকাটি করেন সোমা দেব। কাটাকাটির জায়গাগুলোতে স্বাক্ষরও করেন সোমা দেব। তবে মূল পরীক্ষকের স্বাক্ষর হিসেবে উল্লেখ আছে তানভীর আহমদের স্বাক্ষর। ওই বর্ষের আটজন শিক্ষার্থী ইনকোর্স পরীক্ষা দিয়েও কোনো নম্বর পাননি।
এই বিষয়টি নিয়ে তৃতীয় বর্ষের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।
সহ–উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে গোপনীয়তা ভঙ্গের কারণে বিভাগ একটি অভিযোগ করে। সেটি তদন্ত করে প্রমাণিত হওয়ায় তাঁদের দুজনকে পরীক্ষা–সংক্রান্ত কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।