উত্তরপত্র লিখে দেওয়ার অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় আজ মঙ্গলবার এসএসসি পরীক্ষা চলাকালে প্রশ্ন কেন্দ্রের বাইরে এনে উত্তর লিখে দেওয়ার অভিযোগে ১১ জন শিক্ষক ও এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

এই ১২ জন হলেন উপজেলার জোতনোসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান ও জিন্নাত আলী, চণ্ডিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আক্তারুজ্জামান ও শাপলা খাতুন, তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাখাওয়াত হোসেন ও ছাত্র সাকিব মোল্লা, বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম ও আকরাম হোসেন, পলশী ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, দাদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম, বারখাদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও খানপুর জেপি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান।

আজ এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা ছিল। বাঘা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অধীনে উপজেলা সদরের বাঘা উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় ও আবদুল হামিদ দানিশমন্দ সিনিয়র মাদ্রাসায় পরীক্ষার আসন পড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাঘায় শাহদৌলা ডিগ্রি কলেজের সামনে অবস্থিত পলি স্টুডিও ভবনের দ্বিতীয় তলায় ‘প্রচেষ্টা-৯২’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় রয়েছে। পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্র থেকে ওই সংগঠনের কার্যালয়ে প্রশ্নপত্র নিয়ে আসা হয়। সেখানে বসে শিক্ষকেরা প্রশ্নের উত্তরপত্র তৈরি করছিলেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিমুল আকতার ওই কার্যালয়ে গিয়ে তাঁদের কাছ থেকে প্রশ্ন কেড়ে নেন। তাঁকে চিনতে পেরে শিক্ষকেরা পালানোর চেষ্টা করলে তিনি তাঁদের পালাতে নিষেধ করেন। তিনি থানায় ফোন করে পুলিশ ডেকে আনেন।

এ ব্যাপারে শিমুল আকতার প্রথম আলোকে বলেন, পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ অনুযায়ী তাঁরা যে অপরাধ করেছেন, তাতে তাঁদের সর্বনিম্ন দুই বছরের সাজা দেওয়ার বিধান রয়েছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের বেশি দণ্ড দেওয়া যায় না। এ জন্য তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

পরীক্ষা চলাকালে কীভাবে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রের বাইরে গেল—জানতে চাইলে কেন্দ্রসচিব মোহাম্মদ আলী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

বেলা পৌনে দুইটার দিকে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ‘আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’