উত্তরপত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
বরগুনার পাথরঘাটায় জেএসসির গণিত পরীক্ষার হাতে লেখা উত্তরপত্রের ফটোকপিসহ নাচনাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফরিদ উদ্দিনকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
পাথরঘাটা থানা সূত্রে জানা গেছে, গতকাল পরীক্ষা চলাকালে নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও পার্শ্ববর্তী শাহী কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে হাতে লেখা গণিতের অন্তত ২০ সেট উত্তরপত্রের ফটোকপি জব্দ করা হয়।
জব্দ করা উত্তরপত্র ঘেঁটে দেখা গেছে, গণিত প্রশ্নপত্রের নৈর্ব্যক্তিকের ৪০ ও সৃজনশীল অংশের ৬০-এর মধ্যে ৪০ মিলিয়ে মোট ৮০ নম্বরের উত্তর প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গেছে।
এ ঘটনায় শাহী কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের মালিক ও নাচনাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফরিদ উদ্দিনকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।
তবে নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উত্তরপত্র পাওয়ার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. ইকবাল হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন।
নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জলিলের মুঠোফোনে কল দিলে তিনি বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।