উত্তরা ক্লাব থেকে ৫ কোটি টাকার বিদেশি মদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযানে শুল্ক গোয়েন্দারা। ছবি: সংগৃহীত
অভিযানে শুল্ক গোয়েন্দারা। ছবি: সংগৃহীত

ঢাকার অভিজাত ক্লাব ‘উত্তরা ক্লাব’ থেকে পাঁচ কোটি টাকার বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উত্তরা ক্লাবে অবৈধ মদ ও মাদকদ্রব্য রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে আজ সোমবার অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে সংস্থাটি।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মো. সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে র‌্যাব ও আনসার সদস্য সমন্বয়ে গঠিত একটি দল উত্তরা ক্লাবে তল্লাশি চালায়। ক্লাবটি দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদও বিক্রি করছে বলে শুল্ক গোয়েন্দার কাছে অভিযোগ ছিল।
এ অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে সংস্থার দলটি উত্তরা ক্লাবে অবস্থান নেয়। অভিযানের শুরুতে ক্লাব কর্তৃপক্ষ সহযোগিতা না করায় বিকেল পাঁচটার দিকে ক্লাবের তালা ভেঙে অভিযান শুরু করা হয়।
অভিযানে সেখান থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ৩ হাজার ৪৫ বোতল ও ২ হাজার ৫০০ ক্যান বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
সূত্র জানায়, ক্লাবটির বিরুদ্ধে শুল্ক আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।