উত্তরা থেকে চুরি হওয়া গাড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থেকে চুরি হওয়া একটি ব্যক্তিগত গাড়ি চট্টগ্রামের পতেঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার উত্তরা পশ্চিম থানার পুলিশ গাড়িটি উদ্ধার করে।

এ ঘটনায় আল আমিন (২৪) ও বাদল মিয়া (১৯) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের একটি বাসা থেকে গত রোববার সকালে একটি গাড়ি চুরি হয়। পরে গাড়ির মালিক আনোয়ারা সরকার এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত দাস বলেন, আনোয়ারা সরকারের গাড়ির চালক ছিলেন গ্রেপ্তার আল আমিন। ঘটনার দিন বেলা ১১টার দিকে গাড়ি ধোয়ার কথা বলে আনোয়ারার কাছ থেকে গাড়ির চাবি নেন আল আমিন। এর ১৫-২০ মিনিট পর আনোয়ারা বাসার নিচে নেমে দেখেন গাড়ি নেই। আল আমিনকে ফোন করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। মামলার পর তথ্যপ্রযুক্তি এবং ফেনী জেলা পুলিশ ও পতেঙ্গা থানা পুলিশের সহায়তায় পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে গতকাল সকালে গাড়িটি উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা জানতে দুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।