
উত্তরা স্পোর্টিং ক্লাবের ভবনে ‘প্রাক্তন সৈনিক ক্লাব’ নামে আরেকটি ক্লাবের কার্যক্রম চলত। সেখানে নিয়মিত জুয়ার আসর বসত। সেই ক্লাবেই গত শনিবার খুন হন এক ব্যক্তি। পুলিশ বলছে, জুয়া খেলার টাকার লেনদেনকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে ক্লাব কর্তৃপক্ষ বলছে, ওই তলাটি ভাড়া দেওয়া ছিল। জুয়া খেলার বিষয়ে তাদের কিছুই জানা নেই।
১৯৯১ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি উত্তরা ৪ নম্বর সেক্টরের ২/এ সড়কের একটি চারতলা ভবনে তাদের কার্যক্রম চালায়। সাত-আট বছর আগে ক্লাবটি এই ভবনে এলেও বছরখানেক আগে এর দুটি তলা ভাড়া দেওয়া হয় রফিকুল হক ওরফে বিতান নামে এক ব্যক্তির কাছে। ‘প্রাক্তন সৈনিক ক্লাব’ নামে ওই দুই তলায় তিনি আরেকটি ক্লাবের কার্যক্রম চালাতেন। মূলত সেখানে জড়ো হয়ে জুয়া খেলতেন বিভিন্ন বয়সীরা।
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের শিকার নূর মোহাম্মদ ফখরুল আলম ওরফে সুমনের কাছে দেড় লাখ টাকা পেতেন এই রফিকুল হক। কিন্তু দীর্ঘদিন ঘুরিয়েও তিনি টাকা দিচ্ছিলেন না। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে রফিকুল হক ও তাঁর এক সঙ্গী লাভলু একটি মোটরসাইকেলে করে তাঁকে ক্লাব ভবনে নিয়ে আসেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে রক্তাক্ত নূর মোহাম্মদকে ভবন থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
নূর মোহাম্মদকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন জুয়েল হাজরা নামের এক ব্যক্তি। তিনি একসময় রফিকুল হকের গাড়ি চালাতেন। এখন উত্তরা স্পোর্টিং ক্লাবের টেকনিশিয়ানের কাজ করেন। গতকাল উত্তরা স্পোর্টিং ক্লাবে কথা হয় জুয়েল হাজরার সঙ্গে। তিনি বলেন, নূর মোহাম্মদকে তিনতলা থেকে রক্তাক্ত অবস্থায় ধরে নামাচ্ছিলেন দিপু ও লাভলু নামের দুই ব্যক্তি। রফিকুল ছিলেন তাঁদের ঠিক পেছনে। তাঁর নির্দেশে তিনি প্রথমে নূর মোহাম্মদকে স্থানীয় দুটি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জুয়েল হাজরা বলেন, রফিকুল হক দ্বিতীয় ও তৃতীয় তলায় বাকারা খেলার (একধরনের জুয়া) আয়োজন করেছিলেন। নূর মোহাম্মদকে তিনি তখন এই ক্লাবে যাতায়াত করতে দেখেছেন। এরপর অনেক দিন দেখেননি। তিনি বলেন, রফিকুলের দেড় লাখ টাকা নূর মোহাম্মদ নিয়ে গিয়েছিলেন। রফিকুল হক তাঁকেও (জুয়েলকে) একবার ১ নম্বর সেক্টরের (উত্তরা) দিকে পাঠিয়েছিলেন নূর মোহাম্মদের সন্ধানে। কিন্তু তিনি গিয়ে তাঁকে পাননি। জুয়েল বলেন, এখানে টাকা দিয়ে নিয়মিত তাস (জুয়া) খেলা হতো।
ক্লাবটিতে জুয়া খেলা হতো—বিষয়টি জানা ছিল পুলিশের কর্মকর্তাদেরও। তবে তাঁরা কেউ নাম প্রকাশ করে বিষয়টি স্বীকার করতে রাজি হননি। পুলিশের উত্তরা বিভাগের বিমানবন্দর অঞ্চলের সহকারী কমিশনার রুহুল আমিন প্রথম আলোকে বলেন, নূর মোহাম্মদ বিভিন্ন ক্লাবে জুয়া খেলে বেড়াতেন। খেলার সূত্র ধরেই রফিকুল হকের কাছে তাঁর কিছু টাকা দেনা পড়ে যায়। এর জের ধরেই হত্যাকাণ্ডটি হয়েছে। নূর মোহাম্মদের বাবা রফিকুল হক, লাভলু ও দিপুকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, প্রতিটি ক্লাবেই রামিসহ (একধরনের তাস খেলা) বিভিন্ন ধরনের তাস খেলার অনুমতি থাকে। এখানেও সে রকম কিছু হতে পারে। তবে জুয়া খেলার বিষয়টি তাঁদের জানা নেই।
উত্তরা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন পাপ্পু বলেন, রফিকুল হককে ভাড়া দিয়ে তাঁরা বেশ বিপাকে ছিলেন। তিনি কিছুই মেনে চলতেন না। জুয়া খেলার বিষয়ে তিনি বলেন, প্রতিটা ক্লাবেই তাস খেলা হয়। এখানেও তাস খেলার বিষয়টি তিনি জানতেন। কিন্তু জুয়া খেলা হতো এমন কিছু তাঁর জানা নেই।