উত্তরাঞ্চলে দেড় হাজার অবৈধ ভাটায় পুড়ছে ইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১ হাজার ৭৫৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে পরিবেশগত ছাড়পত্র আছে মাত্র ১৮০টির। পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের নথিতে এ তথ্য পাওয়া গেছে।

গত বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন-সংক্রান্ত আইন অনুযায়ী, অবৈধ ইটভাটার সংখ্যা দেড় হাজারের বেশি। তবে ২৭৪টি ইটভাটার মালিক হাইকোর্টে রিট আবেদন করে ইট পোড়ানোর কার্যক্রম চালাচ্ছেন। তাঁরা ৩০ জুন পর্যন্ত ইট পোড়ানোর সময় পেয়েছেন।

পরিবেশ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের পরিচালক এ কে এম মাসুদুজ্জামান বলেন, নতুন আইন কার্যকর হওয়ার আগে ১২০ ফুট উঁচু চিমনি পদ্ধতির ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা দেওয়া সাপেক্ষে তাঁদের ভাটা জিগজ্যাগে রূপান্তরের সুযোগ ছিল। কিন্তু মাত্র ১৯টি ভাটা পরিবেশবান্ধব হাইব্রিড হফম্যানে রূপান্তর হয়েছে। এ ধরনের ভাটায় আধুনিক যন্ত্রের সাহায্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইট তৈরি হয়। গত বছরের জুলাইয়ে কার্যকর হওয়া নতুন আইন অনুযায়ী, হাইব্রিড হফম্যানে রূপান্তরের পরও লোকালয়, আবাদি জমি, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকা এবং এলজিইডি সড়ক থেকে নির্দিষ্ট দূরত্বের শর্তপূরণ ছাড়া পরিবেশগত ছাড়পত্র দেওয়ার সুযোগ নেই।

 ২০১৪ সালের ১ জুলাই থেকে সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় (বর্ধিত সীমানাসহ) সব ধরনের ইটভাটার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে রিট আবেদনের পর আদালত ৩০ জুন পর্যন্ত এসব ভাটা স্থানান্তরের সময় বেঁধে দিয়েছেন।

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে বগুড়ায় রয়েছে ২০৭টি ইটভাটা। এর মধ্যে ১০৮টি জিগজ্যাগ, ৯৭টি ১২০ ফুট স্থায়ী চিমনি ও দুটি হাইব্রিড হফম্যান পদ্ধতির ভাটা। এ জেলায় ৬৩টি ইটভাটার মালিক হাইকোর্টে রিট করেছেন। অবৈধ ইটভাটার সংখ্যা ১৪৫টি। পাবনা জেলায় ১১৩টি ইটভাটার মধ্যে ৫০টি স্থায়ী চিমনি, ৬২টি জিগজ্যাগ ও একটি হাইব্রিড হফম্যান পদ্ধতির। এর মধ্যে ১০টি ভাটার মালিক হাইকোর্টে রিট করেছেন। রাজশাহীতে ১৯৪টি ইটভাটার মধ্যে ৫৫টি স্থায়ী, ১৩১টি জিগজ্যাগ ও ৮টি হাইব্রিড হফম্যান পদ্ধতির। ২৬টি ভাটার মালিক হাইকোর্টে রিট করে কার্যক্রম চালাচ্ছেন। নাটোরে ১২৪টি ইটভাটার মধ্যে ২৮টি স্থায়ী চিমনি, ৯৫টি জিগজ্যাগ ও ১টি হাইব্রিড হফম্যান পদ্ধতির। ১০টি ভাটার মালিক হাইকোর্টে রিট করে ইট পোড়াচ্ছেন। নওগাঁয় ১৫২টি ইটভাটার মধ্যে ৭৩টি স্থায়ী চিমনি ও ৭৯টি জিগজ্যাগ পদ্ধতির ভাটা রয়েছে। হাইকোর্টে রিট করে ভাটা চালাচ্ছেন ২১ জন মালিক।

রংপুর বিভাগের সবচেয়ে বেশি অবৈধ ইটভাটা রয়েছে রংপুরে। এখানে ১৯২টি ইটভাটার মধ্যে ৬টি স্থায়ী চিমনি, ১২৮টি জিগজ্যাগ ও ৪টি হাইব্রিড হফম্যান পদ্ধতির। ১০টি ভাটার কার্যক্রম চলছে আদালতে রিট করে। দিনাজপুরে ১৭৭টি ভাটার মধ্যে ৬৪টি স্থায়ী চিমনি, ১১২টি জিগজ্যাগ ও ১টি হাইব্রিড হফম্যান পদ্ধতির। আদালতে রিট করে কার্যক্রম চলছে ৫৫টি ইটভাটার।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১২০ ফুটের চিমনি পদ্ধতির ইটভাটার এবং গত বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া নতুন আইনের শর্ত পূরণ না করা সব ধরনের ইটভাটার পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ রয়েছে।