উত্তরায় গৃহকর্মী খুনের ঘটনায় কানাডাপ্রবাসীসহ গ্রেপ্তার ২
রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকার একটি বাসা থেকে গত বুধবার রাতে জেসমিন আক্তার (২১) নামের এক গৃহকর্মীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জেসমিনের গৃহকর্তা কানাডাপ্রবাসী আকবর আলী ও তাঁর শ্যালক সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, গৃহকর্মীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাতে পুলিশ উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কের একটি বাড়ির বাসিন্দা কানাডাপ্রবাসীর বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় নাইলনের রশি প্যাঁচানো অবস্থায় গৃহকর্মী জেসমিনের লাশ পাওয়া যায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। জেসমিনের গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার আদিখালিতে। তাঁর বাবা মৃত ফিরোজ খন্দকার।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, জেসমিনের দুই হাত রশি দিয়ে বাঁধার চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, গৃহকর্মী জেসমিনের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।