উত্তরায় গৃহকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার একটি বাসা থেকে কুলসুম আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মইনুল কবীর প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল শনিবার বেলা দেড়টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাসা থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়। তিন বছর ধরে ওই গৃহকর্মী সেখানে কাজ করছিল। গত শুক্রবার সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উত্তরায় ও পরে গুলশানে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাত দুইটার দিকে সে মারা যায়। এরপর তার লাশ বাসায় নিয়ে যাওয়া হয়। মইনুল কবীর বলেন, গৃহকর্মীর শরীরে বেশ কিছু পুরোনো দাগ আছে। তবে সেগুলো এলার্জির দাগ বলে জানিয়েছেন বাসার লোকজন। তার পরও লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।