উত্তরায় লেক ভরাট করে আ.লীগ নেতার ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইট–কংক্রিটের টুকরা, ময়লা–আবর্জনা ফেলে রাজধানীর উত্তরায় লেকের একপাশ ভরাট করা হয়েছে। আবার সারি সারি ড্রাম সাজিয়ে রেখে ফুটপাত দখল করা হয়েছে l প্রথম আলো
ইট–কংক্রিটের টুকরা, ময়লা–আবর্জনা ফেলে রাজধানীর উত্তরায় লেকের একপাশ ভরাট করা হয়েছে। আবার সারি সারি ড্রাম সাজিয়ে রেখে ফুটপাত দখল করা হয়েছে l প্রথম আলো

রাজধানীর উত্তরায় লেক ভরাট করে, ফুটপাত দখল করে ইট-বালুর ব্যবসা করছেন এক আওয়ামী লীগ নেতা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভরাট হওয়া জায়গা থেকে একবার দোকানপাট উচ্ছেদ করেছে। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই আবারও লেক ভরাট এবং ব্যবসার কাজ শুরু করেছেন ওই নেতা।
আওয়ামী লীগের ওই নেতার নাম তৌহিদুল ইসলাম। তিনি এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাজের ঠিকাদারিও করেন।
সোনারগাঁ জনপথ সড়ক-সংলগ্ন লেকটির এক পাশে পাঁচ নম্বর সেক্টর, অন্য পাশে ১১ নম্বর সেক্টর। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, লেকের প্রায় এক হাজার বর্গফুট জায়গা মাটি, কংক্রিটের গুঁড়া আর ময়লা ফেলে ভরাট করা হয়েছে। ওই জায়গায় একটি চায়ের দোকানও আছে। ভরাটকৃত জায়গার এক পাশে এবং ফুটপাতের প্রায় পুরোটা দখল করে ইট, ড্রাম ইত্যাদি রাখা হয়েছে। ফলে পথচারীদের রাস্তায় নেমে কিংবা সরু জায়গা দিয়ে গা ঘেঁষে চলতে হচ্ছে।
শাহিনুর রহমান নামে এক পথচারী বলেন, ফুটপাত দখল করে রাখার কারণে ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করতে হয়। কিন্তু এসব দেখার কেউ নেই।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, গত এপ্রিল থেকে তৌহিদুল লেকের ওই অংশের জায়গা ভরাট করা শুরু করেন। পরে তিনি সেখানে সাইনবোর্ড টাঙিয়ে ইট, বালু ও ড্রামের ব্যবসা শুরু করেন। এরপর স্থানীয় বাসিন্দারা রাজউককে জানালে গত মাসে ওই স্থানে নির্মাণ করা দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই আবারও লেক ভরাট এবং ব্যবসা শুরু করেন তৌহিদুল।
রিপন নামে তৌহিদুল ইসলামের এক ব্যবস্থাপক এগুলো বিক্রির কাজ করেন। গতকাল রিপন মুঠোফোনে প্রতিটি ড্রামের দাম ৩০০ টাকা বলে জানান। মিনিট খানেক পর সাংবাদিক পরিচয় দিয়ে ফুটপাত দখল করে এসব রাখছেন কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘আরে ভাই এইগুলা বিক্রি করি না। সাইটের কাজের জন্য আনা হইছিল, এইখানে রাখছি।’ একটু আগে ড্রামের দাম বলার কথা মনে করিয়ে দিলে তিনি আর কোনো কথা বলেননি।
জানতে চাইলে আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম বলেন, ‘ভরাটের কোনো ব্যাপার না। জায়গাটি নোংরা ছিল। ভরাট করে হাঁটার ব্যবস্থা করা হয়েছে।’ কথা বলার একপর্যায়ে তিনি বলেন, ‘আমি বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম, এখন উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি ক্যান্ডিডেট।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফছারউদ্দিন আহমদ বলেন, ‘ও এই জায়গা দখলে রাখতে পারবে না। আমি তাঁকে মৌখিকভাবে বলব। না শুনলে ম্যাজিস্ট্রেট এনে উচ্ছেদ করে দেব।’
রাজউকের প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান মুন্সী গতকাল প্রথম আলোকে বলেন, ‘ওই জায়গায় একবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। আবার দখল হলে আবার অভিযান চালানো হবে। কাল আবার ম্যাজিস্ট্রেট পাঠাব।’