উত্তরার খাল থেকে আরও ৩২টি ম্যাগাজিন উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে গতকাল রোববার দ্বিতীয় দিনে সাব-মেশিনগানের ৩২টি ম্যাগাজিন ও পিস্তল ক্লিনার (অস্ত্র পরিষ্কারের সরু দণ্ড) উদ্ধার করা হয়েছে। পুলিশ বলেছে, এ নিয়ে দুদিনে এ খাল থেকে ৯৭টি পিস্তল, ৪৯৪টি ম্যাগাজিন ও ১ হাজার ৬০টি গুলি উদ্ধার করা হলো।

পুলিশ বলছে, কালো একটি নম্বরবিহীন পাজেরো জিপে করে আট ব্যাগ অস্ত্র ও গুলি গত শনিবার বিকেলে তুরাগ থানাধীন ওই খালে ফেলা হয়। তবে গতকাল পর্যন্ত গাড়িটিকে ধরতে পারেনি পুলিশ।

জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গাড়িটি আটক করতে পুলিশের অভিযান শুরু হয়েছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, খালের যে স্থানে অস্ত্র-গুলি পাওয়া গেছে, সেটি রাজউকের উত্তরা তৃতীয় প্রকল্পসংলগ্ন। ওই প্রকল্পের আয়তন ২ হাজার ১০০ একর। বিশাল এই এলাকার নিরাপত্তার জন্য পুলিশের তিনটি তল্লাশিচৌকি (চেকপোস্ট) রয়েছে। পাশাপাশি দিনে পুলিশের চার থেকে পাঁচটি টহল দল এবং রাতে সাতটি দল প্রকল্প এলাকায় টহল দেয়। এসব তল্লাশিচৌকি ও পুলিশের টহল এড়িয়েও অন্যান্য সড়ক দিয়ে ওই খালে যাওয়া যায়।

গতকালও গণমাধ্যমকর্মীদের অভিযানস্থলে যেতে বাধা দেওয়া হয়। তাই মিরপুর বেড়িবাঁধ-আশুলিয়ার মূল সড়কে থেকে অভিযান দেখতে হয় গণমাধ্যমকর্মীদের।

পুলিশ বলেছে, শনিবার বিকেল থেকে ওই খালে অভিযান শুরু করে পুলিশ, ফায়ার সার্ভিস, র‍্যাব। প্রথম দিনের অভিযানে (শনিবার রাত ১১টা পর্যন্ত) ৯৫টি ৭.৬২ বোরের পিস্তল, দুটি নাইন এমএম পিস্তল, ৭.৬২ বোরের ২২০টি গুলি ও নাইন এমএম পিস্তলের ৮৪০টি গুলি, ৪৬২টি ম্যাগাজিন (৭.৬২ বোরের ১৮৯টি, এসএমজির ২৬৩টি ও গ্লোক পিস্তলের ১০টি), ১০টি বেয়নেট এবং গুলি বানানোর ১০৪টি ছাঁচ উদ্ধার করা হয়। আটটি কালো রঙের ট্রাভেল ব্যাগে এগুলো ছিল।

এরপর গতকাল সকাল থেকে পুলিশের তত্ত্বাবধানে খালে নামেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ছালাহ উদ্দিন বলেন, সকাল আটটা থেকে অভিযান শুরু হয়। অভিযানে ৩২টি ম্যাগাজিন ও ৮টি ‘পিস্তল ক্লিনার রড’ পাওয়া যায়। ম্যাগাজিনগুলো একটি টেপে মোড়ানো কাগজের কার্টনে ছিল। তিনি বলেন, দুপুর পর্যন্ত তিনবার প্রায় এক কিলোমিটার এই খালে তল্লাশি করে আর কিছু পাওয়া যায়নি।

অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, ১০ থেকে ১২ ফুট পানির নিচ থেকে প্রায় ৩০ কেজি ওজনের কার্টনটি উদ্ধার করা হয়। কার্টনটি খালের পাড়ের কাছেই ছিল। ধারণা করা হচ্ছে, পাড় থেকে কেউ কার্টনটি ছুড়ে ফেলেছে।

বেলা পৌনে একটার দিকে ওই স্থান পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। পরিদর্শন শেষে তিনি তুরাগ থানায় যান এবং উদ্ধার করা অস্ত্র পর্যবেক্ষণ করেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।

সন্ধ্যায় পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা প্রথম আলোকে বলেন, দ্বিতীয় দিনের অভিযান বেলা সাড়ে তিনটার দিকে শেষ হয়েছে। অস্ত্র উদ্ধারের ব্যাপারে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কে বা কারা ওই খালে অস্ত্র রেখেছে, তার তদন্ত শুরু হয়েছে। দ্বিতীয় দিনে উদ্ধার করা ম্যাগাজিনগুলো এসএমজির।