নাশকতার উদ্দেশ্যে উত্তরায় অস্ত্র মজুত: আছাদুজ্জামান মিয়া
রাজধানীর উত্তরার খালে বিপুল অস্ত্রশস্ত্র পাওয়া সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, এটি সুগভীর চক্রান্ত। এর মধ্য দিয়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। অস্ত্র উদ্ধার করে সেই পরিকল্পনা নস্যাৎ করতে পেরেছে পুলিশ।
আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, এটা কোনো সাধারণ সন্ত্রাসীদের কাজ নয়। যে চক্র ২০১৫ সালে নারী-পুরুষকে পুড়িয়ে মেরেছে, যারা দেশের চলমান উন্নয়ন ও বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়, এটা তাদের কাজ বলে প্রাথমিকভাবে বলা যায়।
আছাদুজ্জামান মিয়া বলেন, অস্ত্রগুলো হয় সম্প্রতি রাজধানীর বাইরে থেকে ঢাকায় এসেছে। নয়তো অনেক দিন থেকেই এগুলো ঢাকার ভেতরে মজুত করে রাখা হয়েছিল।
উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে গত শনি ও রোববার বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, খাল থেকে দুদিনে ৯৭টি পিস্তল, ৪৯৪টি ম্যাগাজিন ও ১ হাজার ৬০টি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, নম্বরবিহীন একটি কালো পাজেরো জিপে করে আট ব্যাগ অস্ত্র ও গুলি গত শনিবার বিকেলে তুরাগ থানাধীন ওই খালে ফেলা হয়। তবে গতকাল পর্যন্ত গাড়িটিকে ধরতে পারেনি পুলিশ।
আরও পড়ুন...