উত্তরার পর এবার সাভারে চলন্ত বাস থামিয়ে গুলি করে ডাকাতি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের একটি ব্যাংক থেকে টাকা তুলে সকালে মিনিবাসে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ডাকঘরে জমা দিতে যাচ্ছিলেন তিনজন। মিনিবাসটি ছিল যাত্রীবোঝাই। তিনটি মোটরসাইকেলে আসা সাতজন ডাকাত বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত মিনিবাসটি থামিয়ে ওই তিনজনকে গুলি করে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
রাজধানীর উত্তরায় চলন্ত গাড়ি (কার) থামিয়ে মা-মেয়েকে গুলি করে ছয় লাখ টাকা ছিনতাইয়ের পরদিন গতকাল সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটল। গতকাল দুর্বৃত্তদের গুলিতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্ত এবং ওই মিনিবাসটি শনাক্ত করতে পারেনি পুলিশ। উত্তরার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের কেউ গতকাল পর্যন্ত ধরা পড়েনি।
গতকাল গুলিবিদ্ধ তিনজন হলেন আশুলিয়ার সিন্দুরিয়ার সানোয়ার হোসেন (৪০), তাঁর ভায়রা সাভার পৌর এলাকার আড়াপড়া মহল্লার আবুল হোসেন (৪০) এবং শ্যালক টুটুল মিয়া (৩০)। গুলিবিদ্ধ সানোয়ার বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তিনি সাভার বাসস্ট্যান্ড এলাকার একটি ব্যাংক থেকে সাড়ে পাঁচ লাখ টাকা তোলেন। এ ছাড়া তাঁর কাছে আরও ৫০ হাজার টাকা ছিল। ওই টাকা জমা দিতে তিনি একটি মিনিবাসে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ডাকঘরে যাচ্ছিলেন। তাঁর ভায়রা আবুল হোসেন ও শ্যালক টুটুল তাঁর সঙ্গে ছিলেন। সাভার হাইওয়ে থানার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা সাতজন দুর্বৃত্ত মিনিবাসের গতিরোধ করে। দুর্বৃত্তদের চারজন ‘ডাকাত ডাকাত’ চিৎকার করতে করতে মিনিবাসে ওঠে। দুর্বৃত্তদের তিনজনের কাছে তিনটি পিস্তল ছিল। দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি, তাঁর ভায়রা ও শ্যালক বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁদের পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে সাভারের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনাস্থল পড়েছে আশুলিয়া থানা এলাকায়। আশুলিয়া থানা-পুলিশ বলেছে, সানোয়ার ও আবুল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টুটুল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান বলেন, সানোয়ারের দুই পায়ের হাঁটুর ওপরে আর আবুল হোসেন ও টুটুলের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন টুটুল অভিযোগ করেন, তিন দুর্বৃত্ত তাঁদের তিনজনকে গুলি করেছে। ঘটনার সময় বাসের অন্য যাত্রীরা তাঁদের সহায়তা করেননি। ঘটনার পর তাঁরা বাস থেকে নামার পরপরই বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল টাকা উদ্ধারের পাশাপাশি দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
উত্তরার ঘটনায় গ্রেপ্তার নেই
গত রোববার উত্তরায় মা ও মেয়েকে গুলি করে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার দুপুরে শাহীনা আক্তার (৪৫) ও তাঁর মেয়ে নাতিকা রিজওয়ানা (২৮) উত্তরার একটি ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে গাড়িতে বাসার দিকে যাচ্ছিলেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের জসীমউদ্দীন সড়কে চারটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। ছিনতাইকারীরা গাড়িতে গুলি করে টাকার ব্যাগ নিয়ে চলে যায়। শাহীনা ও নাতিকার শরীরে গুলি লাগে।
উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন গতকাল বলেন, এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাস্থলের আশপাশের ভবনের সিসি ক্যামেরার ফুটেজে গাড়িটিকে অনুসরণ করা দুটি মোটরসাইকেলের ছবি পাওয়া গেছে। তবে ছবি অনেক ঝাপসা, সেখান থেকে মোটরসাইকেলের নম্বর সংগ্রহের চেষ্টা চলছে। ছিনতাইকারীদের ধরতে র্যা ব ও গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে।