উত্তরায় উদ্ধার অস্ত্রের পেছনে দেশি-বিদেশি চক্রান্ত : পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ছবি: প্রথম আলো
রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ছবি: প্রথম আলো

রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে ৯৭টি পিস্তল, ৪৫২টি ম্যাগাজিন, ১০টি বেয়নেট ও ১ হাজার ৬০টি গুলি। অস্ত্র ও গুলিগুলো আটটি কাপড়ের ব্যাগের মধ্যে ছিল। পুলিশ বলছে, এই অস্ত্রগুলো আনার পেছনে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বেলা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে কালো রঙের একটি পাজেরো গাড়িতে করে এসে কেউ এই ব্যাগগুলো খালে ফেলে যায়। পুলিশ নিজস্ব সোর্সের মাধ্যমে এটা জানতে পেরে অভিযান চালায়। গাড়িটির কোনো নম্বর প্লেট ছিল না বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ওই সড়কে চেকপোস্ট ফাঁকি দিয়ে কীভাবে নম্বর–বিহীন একটি গাড়িতে করে এসে কেউ অস্ত্র ফেলে গেল এমন প্রশ্নে কোনো সদুত্তর দিতে পারেননি বিধান ত্রিপুরা।

খাল থেকে অস্ত্র উদ্ধারের কাজ চলছে। ছবি: প্রথম আলো
খাল থেকে অস্ত্র উদ্ধারের কাজ চলছে। ছবি: প্রথম আলো

পুলিশ জানিয়েছে উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৯৫টি সেভেন পয়েন্ট ৬২ পিস্তল ও দুটি নাইন এমএম। ম্যাগাজিনের মধ্যে ১৮৯টি সেভেন পয়েন্ট ৬২ পিস্তলের এবং বাকি ২৬৩টি এসএমজির (লাইন মেশিনগান)। উদ্ধার হওয়া গুলির মধ্যে ৮৪০টি নাইন এমএমের। বাকি ২২০টি সেভেন পয়েন্ট ৬২ পিস্তলের।
অস্ত্রগুলো সম্পর্কে বিধান ত্রিপুরা বলেন, এগুলোর গায়ে উৎপাদনকারী দেশের নাম উল্লেখ নেই। তবে অস্ত্রগুলো নতুন। এখনো ব্যবহার করা হয়নি। তাঁর দাবি, সাঁড়াশি অভিযান ও পুলিশের নানামুখী তৎপরতার কারণে দুর্বৃত্তরা অস্ত্রগুলো ফেলে যেতে বাধ্য হয়েছে। বিধান ত্রিপুরা বলেন, এই অস্ত্রগুলো আনার পেছনে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ফায়ার সার্ভিসের ঢাকা ও গাজীপুরের আটজন ডুবুরি অস্ত্রগুলো উদ্ধার করছেন। বিকেল পাঁচটা থেকে ডুবুরিদের শুরু হওয়া এই অভিযান এখনো চলছে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

খালের পাশে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: প্রথম আলো
খালের পাশে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: প্রথম আলো