উত্তরায় গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে এক ব্যক্তিকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবিদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের সহকারী কমিশনার আতিকুল ইসলাম বলেন, উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক পদে চাকরি করেন আবিদুল। দুপুরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের ছোট ভাই আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি বেসরকারি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তোলেন তিনি। টাকাগুলো একটি ব্যাগে নিয়ে তাঁরা দুজন হেঁটে ১২ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ৪৫ নম্বর বাড়ির সামনে এলে দুটি মোটরসাইকেলে করে চারজন যুবক এসে তাঁদের পথ আটকান। এ সময় যুবকেরা আবিদুলের হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। একপর্যায়ে যুবকদের একজন আবিদুলের পায়ে গুলি করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যান।