উত্তরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার উত্তরার একটি ভবনের সাততলা থেকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের একটি বাসা থেকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই গৃহবধূর নাম জুলিয়া সেতু (১৮)। তাঁর স্বামীর নাম মিকাইল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, সাততলায় ভাড়া বাসায় থেকে ফ্ল্যাটের পাশের একটি কক্ষে ব্রেসলেট তৈরির কাজ করেন তাঁরা। দুপুরে বাসায় ফিরে ওই কক্ষের দরজা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ পাননি। পরে ছিটকিনি ভেঙে কক্ষের ভেতরে ঢুকে জুলিয়াকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাঁর মৃত্যু হয়।

নিহত জুলিয়ার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দেড় বছর আগে নিজেদের পছন্দে করেন জুলিয়া-মিকাইল। এ বছর জুলিয়া এসএসসি পরীক্ষা দিয়েছেন। জুলিয়ার স্বামীর গ্রামের বাড়ি সাতক্ষীরা আশাশুনি উপজেলায় কাটাকাটি গ্রামে। তিনি সাতক্ষীরা সদরের আজিজুল ইসলামের মেয়ে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, জুলিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।