উত্তরায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী ও শাশুড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরার একটি হাসপাতাল থেকে গত রোববার রাতে শিরিনা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত গৃহবধূর স্বামী পিয়াস রহমান (২৬) ও শাশুড়ি পারুল বেগমকে (৪৫) আটক করা হয়েছে।
নিহত গৃহবধূর স্বজন সোহেল চৌধুরী বলেন, ছয় মাস আগে পিয়াসের সঙ্গে শিরিনার বিয়ে হয়। স্বামীর সঙ্গে তিনি উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসায় থাকতেন। বাসায় পিয়াসের মা এলেই পিয়াস-শিরিনা দম্পতির ঝগড়া হতো। কিছুদিন আগে পিয়াসের মা উত্তরায় ছেলের বাসায় আসেন। শিরিনা ছিলেন রায়েরবাজারে বাবার বাসায়। গত শনিবার জোর করে পিয়াস শিরিনাকে বাসায় নিয়ে যায়। এরপর রাতে তাকে হত্যা করা হয়। অথচ তাঁরা (পিয়াস ও তাঁর মা) বলছেন, জানালার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে শিরিনা আত্মহত্যা করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে গিয়ে শিরিনাকে মৃত অবস্থায় পাই।’
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা শুনে রাতেই ওই হাসপাতাল থেকে পিয়াস ও তাঁর মাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে নিহত গৃহবধূর বাবা নুরুল আমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে শিরিনা সবার ছোট।