উত্তরায় চিকিৎসকের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রোগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরে একটি বেসরকারি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাতে মনোরোগ বিভাগের এক চিকিৎসকের বিরুদ্ধে এক নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। রাতে নির্যাতিতা রোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছেন।
রাতে উত্তরা পশ্চিম থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মো. সুলায়মান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অভিযুক্ত চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উত্তরা থানার পুলিশ জানায়, বিকেলে এক নারী উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগ বিভাগের এক চিকিৎসককে দেখাতে যান। চিকিৎসক ওই নারীর সঙ্গে আসা তার শাশুড়িকে চেম্বারের বাইরে থাকতে বলেন। একপর্যায়ে চিকিৎসক রোগী দেখার নাম করে নারীর গায়ে হাত দেন এবং অশ্লীল মন্তব্য করেন। একপর্যায়ে তাঁকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ওই নারী চিৎকার করে বাইরে এসে তাঁর শাশুড়িকে জানান। এরপর তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করে। রাত সাড়ে নয়টায় নির্যাতিতা বাদী হয়ে থানায় মামলা করেন।
শিশুর লাশ উদ্ধার: রাত আটটার দিকে শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানের লেক থেকে ১২ বছর বয়সী এক বালকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। পুলিশ জানায়, সন্ধ্যায় শিশুটি লেকের পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তার লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।