উত্তরায় দিনদুপুরে ছিনতাই, মা-মেয়ে গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরায় গতকাল রোববার দিনদুপুরে গাড়িতে থাকা মা ও মেয়েকে গুলি করে ছয় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত ব্যক্তিরা হলেন শাহীনা আক্তার (৪৫) ও তাঁর মেয়ে নাতিকা রিজওয়ানা (২৮)। আহত অবস্থায় মা ও মেয়েকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের আত্মীয় শামসুজ্জোহা প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে মা ও মেয়ে উত্তরার যমুনা ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে গাড়িতে বাসার দিকে যাচ্ছিলেন। গাড়িটা কয়েক মিনিট চলার পরই ৩ নম্বর সেক্টরে, জসীমউদ্দীন সড়কে চারটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী আসে। দুটি মোটরসাইকেল দিয়ে সামনে পথ আটকে গাড়ি থামায়। মোটরসাইকেল থেকে নেমেই এক ছিনতাইকারী গাড়ির ডান পাশের কাচে গুলি করে। এ সময় শাহীনা হাত তুলে আটকাতে গেলে একটি গুলি তাঁর হাত ফুটো করে বেরিয়ে যায়। একই সময় বাঁ পাশ থেকে আরেক ছিনতাইকারী গুলি করলে সেটি গিয়ে নাতিকার ঊরুতে বিদ্ধ হয়। তাঁদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানিয়েছেন, তাঁরা ছিনতাইকারীদের ধরতে কাজ করছেন। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
পুলিশ জানিয়েছে, আহত শাহীনা আক্তারের স্বামী ভূমি কর্মকর্তা, তিনি অবসরের প্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন। শাহীনা নিজেও ব্যবসার সঙ্গে যুক্ত। টাকা তুলতে গিয়েই ছিনতাইয়ের শিকার হন তাঁরা।