উত্তরায় বাসায় ঢুকে তাইওয়ানি দম্পতিকে কোপাল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গত বৃহস্পতিবার রাতে বাসায় ঢুকে এক তাইওয়ানি দম্পতিকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। যাওয়ার সময় বাসা থেকে দুর্বৃত্তরা ছয় লাখ টাকাও নিয়ে যায়। ওই দম্পতি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মো. জাহাঙ্গীর নামের একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, ওই দম্পতির দুই কর্মচারীসহ তিনজন ওই বাসায় চুরি করতে ঢুকেছিল। তাঁরা চিনে ফেলায় এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা ওয়াং লি চি (৬৮) ও তাঁর স্ত্রী লিলি হুয়া (৬০)। এ বিষয়ে অ্যাপোলো হাসপাতালের কর্তব্যরত ব্যবস্থাপক সাংবাদিকদের বলেন, ওয়াংয়ের আঘাত গুরুতর। তাঁর অস্ত্রোপচার হয়েছে। দম্পতিকে হাসপাতালের কেবিনে রাখা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ও দম্পতির পরিচিতজনেরা প্রথম আলোকে বলেন, ১০ বছর ধরে বাংলাদেশে আছেন ওয়াং ও লিলি দম্পতি। গাজীপুরের বড়বাড়ী এলাকায় তাঁদের ‘জিং জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি’ নামের প্লাস্টিকের দরজা তৈরির একটি কারখানা আছে। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৪/এ সড়কে একটি বাড়িতে থাকেন। বাড়ির নিচতলা ও দুই তলায় তাঁদের ব্যবসায়িক কার্যালয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওয়াং ও লিলি দম্পতি ঘুমাচ্ছিলেন। কয়েকজন লোক বাড়ির ভেতরে ঢোকে। এ সময় জেগে ওঠেন লিলি। তখন ওই ব্যক্তিদের একজন ধারালো অস্ত্র দিয়ে লিলির মাথায় আঘাত করে। হট্টগোলে ওয়াং জেগে ওঠেন। তখন তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ওয়াংয়ের মাথার পেছনে গুরুতর জখম হয়। দুষ্কৃতকারীরা বাসায় থাকা ছয় লাখ টাকা নিয়ে দ্রুত বের হয়ে যায়। আহত অবস্থায় কোনোমতে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে ফোন করেন ওয়াং। ওই কর্মকর্তাসহ কয়েকজন রাতেই ওই বাসায় ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর গাজীপুর থেকে জাহাঙ্গীর নামের একজনকে আটক করে পুলিশ।
হাসপাতালে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) বিধান ত্রিপুরা সাংবাদিকদের বলেন, চুরিতে বাধা দেওয়া ও চিনে ফেলায় এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আহত দম্পতির সঙ্গে কথা বলে ঘটনায় জড়িত দুজনের নাম পাওয়া গেছে। তবে গ্রেপ্তারের আগে তাঁদের নাম বলা যাচ্ছে না।
জিং জিং ইয়াং ইন্টারন্যাশনালের মহাব্যবস্থাপক সামির হাসিব সাংবাদিকদের বলেন, তিনি আহত দম্পতির সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, রাজু ও সাজু নামের তাঁদেরই দুই কর্মচারীসহ তিনজন ওই বাসায় চুরি বা ডাকাতির উদ্দেশ্যে ঢুকেছিলেন। রাজু ও সাজু আগে ব্যবসাপ্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী ছিলেন।
সামির বলেন, তাইওয়ানি দম্পতির এক ছেলে ও এক মেয়ে। তাঁরা তাইওয়ানে থাকেন। হামলার খবর পেয়ে তাঁরা বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।