উত্তরায় বাসায় বৃদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে নিজ বাড়িতে মনোয়ারা সুলতানা (৬৪) নামের এক বৃদ্ধা খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে জবাই করে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।
মনোয়ারার ছোট ভাই মির্জা আজম বেগ প্রথম আলোকে বলেন, মনোয়ারা সুলতানা একা থাকতেন। সহজে কাউকে বাড়িতে ঢুকতে দিতেন না। ঘরে সব সময়ের জন্য গৃহকর্মী রাখতেন না। হোটেল থেকে বা ভাড়াটেদের দেওয়া খাবার খেতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মনোয়ারা সুলতানার স্বজনেরা আরও জানান, মনোয়ারা সোনার গয়না পরতে ভালোবাসতেন। মসজিদে দান করার জন্য তিনি বেশ কিছু সোনার বিস্কুট জমিয়েছিলেন। এসব বিষয়ে লোকজনের সঙ্গে গল্পও করতেন। এ থেকে তাঁরা ধারণা করছেন, হয়তো স্বর্ণের লোভে পরিচিত কেউ তাঁকে খুন করে থাকতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, মনোয়ারা সুলতানার তিন সন্তানের দুজন বিদেশে। বড় ছেলে সাবেক সেনা কর্মকর্তা ইকবাল বিন ইউসুফ অস্ট্রেলিয়ায় ও ছোট ছেলে সফটওয়্যার প্রকৌশলী আরমান বিন ইউসুফ যুক্তরাষ্ট্রে থাকেন। মেজো ছেলে খালেদ বিন ইউসুফ সেনা কর্মকর্তা। তিনি চট্টগ্রামে থাকেন। স্বামীর মৃত্যুর পর সাত-আট বছর ধরে মনোয়ারা একাই থাকতেন।
মনোয়ারার স্বজনেরা জানান, শনিবার রাতে তাঁকে ভবনেরই এক বাসিন্দা রাতের খাবার দিতে গিয়েছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। মনোয়ারা সুলতানার মৃতদেহ বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার যে বাড়িতে মনোয়ারা সুলতানা খুন হয়েছেন, সে বাড়িটি পুলিশ ও র্যা বের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘিরে থাকতে দেখা যায়। চারতলা ওই বাড়ির বাসিন্দাদের কারও সঙ্গেই কথা বলা সম্ভব হয়নি। আশপাশের বাসিন্দারাও কথা বলেননি।
ঘটনা তদন্তে জড়িত একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মনোয়ারা সুলতানাকে খুন করে কে বা কারা লাভবান হবে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর ঘরে দেড় লাখ টাকা ছিল। সেই টাকায় খুনিরা হাত দেয়নি। মনোয়ারা সুলতানার উত্তরার বাড়িটির ওপর কারও লোভ থেকে থাকতে পারে। সন্তানদের সঙ্গে তাঁর খুব নিবিড় যোগাযোগ ছিল বলেও মনে করছে না পুলিশ। তাঁর ঘর ছিল খুবই অগোছালো। তিনি স্বর্ণের বিস্কুট জমালেও এর পরিমাণ কত বা কোথায় থাকতে পারে, সে সম্পর্কে তাঁর সন্তানেরা কিছু জানাতে পারেননি।
এদিকে উত্তরা বিভাগের উপকমিশনার বিধান ত্রিপুরা প্রথম আলোকে বলেন, পুলিশ, র্যা ব, সিআইডি ও ডিবি একযোগে ঘটনা খতিয়ে দেখছে।