উত্তরায় ব্যবসায়ীকে আটকে টাকা আদায় করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে পেটানোর রেশ না কাটতেই গত রোববার রাতে উত্তরার ৯ নম্বর সেক্টরে এক ব্যবসায়ীকে আটকে রেখে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তিন পুলিশের বিরুদ্ধে।
এ ঘটনায় গত সোমবার উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রউফ বাহাদুর ও (এএসআই) ফারুক আহমেদ ও কনস্টেবল গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার তদন্ত করছেন।
উত্তরা বিভাগের পুলিশ সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে এক ব্যবসায়ী তাঁর বান্ধবীকে তাঁর বাসায় পৌঁছে দিতে সিএনজিচালিত অটোরিকশায় উত্তরার ৯ নম্বর সেক্টর দিয়ে যাচ্ছিলেন। উত্তরা থানার তিন পুলিশ অটোরিকশাটি থামিয়ে তাঁদের তল্লাশি করে করে। তাঁরা স্বামী-স্ত্রী নন—এই অজুহাতে তাঁদের পুলিশের গাড়িতে তোলা হয়। এ সময় এসআই আবদুর রউফ বাহাদুর তাঁদের জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করেন। এসআই তাঁদের ভয় দেখিয়ে বলেন, দুজনের অভিভাবকদের কাছে ফোন করে বলা হবে যে তাঁদের আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে। তাঁরা একপর্যায়ে ব্যবসায়ীর বান্ধবীকে যৌনকর্মী হিসেবে গ্রেপ্তার করার ভয় দেখান। তবে পাঁচ লাখ টাকা দেওয়া হলে তাঁদের ছেড়ে দেওয়া হবে বলে জানান এসআই রউফ। রোববার রাত ১২টা থেকে ভোর পর্যন্ত চলতে থাকে দর-কষাকষি। পরে ওই তরুণ ব্যবসায়ী তাঁর এক বন্ধুকে ফোন করে ঘটনাটি জানান। পরে ওই বন্ধু এসে আড়াই লাখ টাকা পুলিশকে দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি কাউকে না জানানোর জন্যও তাঁদের হুমকি দেন ওই তিন পুলিশ সদস্য।
উত্তরা বিভাগের পুলিশের এক কর্মকর্তা বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী পরে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনারের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।